
কলকাতা পুরসভায় এবার সনাতনী মেয়র বসানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিজেপি। কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জের দায়িত্ব পাওয়ার পর এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ইতিমধ্যেই কলকাতা পুর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। একইসঙ্গে পুরভোটে দলের লক্ষ্য কতটা, কীভাবে প্রার্থী বাছাই করা হবে, সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন সুকান্ত।
বুধবার সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে দলের পরিকল্পনা জানান সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রার্থী নির্বাচনের জন্য একটি এসওপি তৈরি করবে বিজেপি। সেই নীতিমালা মেনেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রার্থী তালিকায় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত নেতাকর্মীদেরও গুরুত্ব দেওয়া হবে। সকলের সঙ্গে আলোচনা করেই প্রার্থী বাছাইয়ের কাজ হবে বলে জানান তিনি। তবে শেষ সিদ্ধান্ত নেবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন দলের ‘অতি উৎসাহী’ নেতাদেরও সতর্ক করেন সুকান্ত। তাঁর কথায়, “কেউ যদি মনে করে আমি প্রার্থী হয়ে গিয়েছি, তাহলে পরে তাঁকে আফসোস করতে হবে। তখন আফসোস করবে, কাঁদবে।” তৃণমূলের কোনও ভালো নেতা বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন কি না, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ভালো ও কালো দুটোই আপেক্ষিক। তাই আপেক্ষিক বিষয় নিয়ে রাজনীতিতে কথা না বলাই ভালো।”
এর পাশাপাশি কলকাতা পুরভোটে বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়েও নিজের লক্ষ্যের কথা জানান সুকান্ত। তাঁর দাবি, গত বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে ছিল এবং তৃণমূল পিছিয়ে পড়েছিল। বর্তমানে ওয়ার্ডের সংখ্যা বেড়ে ২০৯ হয়েছে। সুকান্তের দাবি, এর মধ্যে ১৭০ থেকে ১৮০টি আসনে জয় পেতে পারে বিজেপি।
সুকান্তর কথায়, “যে পুরসভার লোগোতে তিনদিকে পদ্মফুল ও একদিকে স্বস্তিক আছে সেখানে আগামীদিনে সনাতনী মেয়র বসবে। কলকাতা পুরসভা পুরনো হৃতগৌরব ফিরে পাবে।”
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পালাবদলের কয়েকদিনের মধ্যেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। বর্তমানে পুরসভার প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন স্মিতা পাণ্ডে। আগামী ডিসেম্বরেই কলকাতা পুরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচন পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হাতে তুলে দিয়েছে বিজেপি। দায়িত্ব পাওয়ার পরই তিনি স্পষ্ট করে দিলেন, কলকাতা পুরসভায় সনাতনী মেয়র বসানোই দলের অন্যতম লক্ষ্য।



