দঃ ২৪ পরগনা

ভাঙড়ে জল নিকাশি নিয়ে বিবাদ, গুলি-বোমাবাজি, গ্রেফতার তৃণমূল নেতা সহ ৬

ভাঙড়ে জল নিকাশি নিয়ে বিবাদ, গুলি-বোমাবাজি, গ্রেফতার তৃণমূল নেতা সহ ৬ - West Bengal News 24

জল নিকাশি নিয়ে বিবাদের জের। ভাঙড়ে গুলি ও বোমাবাজির ঘটনায় তৃণমূল নেতা সহ ৬ জনকে গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে আছেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মান্যবর মণ্ডল।

গত বৃহস্পতিবার চিলেতলা ও বানিয়াড়া, পাশাপাশি এই দুই গ্রামের বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। গত সোমবারের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। বহু বাড়ির একতলায় জল উঠে যায়। জলমগ্ন হয়ে পড়ে চাষের জমি। জল বের করার জন্য বৃহস্পতিবার সকালে গ্রামের একটি রাস্তা কেটে দেন চিলেতলা গ্রামের বাসিন্দারা।

আর তাতেই আপত্তি জানান, পাশের বানিয়াড়া গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি ছিল, রাস্তা কাটলে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এক ঘণ্টার মধ্যে ফের মাটি ফেলে রাস্তার কাটা অংশ বুজিয়ে দেন তাঁরা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ফের রাস্তা কেটে দেয় চিলেতলা গ্রামের বাসিন্দারা।

আরও পড়ুন : ‘মৃতদেহ নিয়ে রাজনীতি করা কে শিখিয়েছে?’ তোপ দিলীপের

অভিযোগ, এরপরই এলাকায় আগ্নেয়াস্ত্র, বোমাবাজি নিয়ে তাণ্ডব শুরু করে বানিয়াড়ার একাধিক গ্রামবাসী। শুক্রবার সকালে ওই অঞ্চলে গিয়ে দেখা যায়, এলাকায় তাজা বোমার দাগ। এলাকা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। চিলেতলা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বোমা ফাটায় একজন আহত হয়েছেন।

পুলিশ এসে কয়েকজনকে নিয়ে যায়। পাল্টা অপর পক্ষের দাবি, তাঁদের না জানিয়েই রাস্তা কাটা হয়েছে। যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। পরিণতিতে গতকালই কাশীপুর থানার পুলিশ তৃণমূল নেতা সহ ৬ জনকে গ্রেপ্তার করে।

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য