একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার লিলুয়ায় (Liluah)। লিলুয়ার বেলগাছিয়ায় একই পরিবারে স্বামী, স্ত্রী ও কিশোরী কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
পেশায় ব্যবসায়ী অভিজিত্ দাস, তাঁর স্ত্রী দেবযানী এবং ১৩ বছরের মেয়ে সমৃদ্ধির মৃতদেহ উদ্ধার হয়েছে শনিবার বিকেলে। স্থানীয়রা বলছেন, তিনজনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল মঙ্গলবার। এর পরে বাড়ির বাইরে তাঁদের আর দেখা যায়নি।
আরও পড়ুন : সময় দিচ্ছেন না স্পিকার, সাংসদ পদ ছাড়তে দেরি, বিস্ফোরক বাবুল সুপ্রিয়
এমনকি বাড়ির ভেতর থেকেও কোনও সাড়াশব্দ আসত না। সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের। এলাকাবাসীরা বলছেন, গতকাল থেকে পচা দুর্গন্ধ আসছিল অভিজিতবাবুর বাড়ি থেকে। এদিন সকালে তীব্র গন্ধে অতীষ্ট হয়ে পুলিশে খবর দেন এলাকার লোকজন।
পুলিশ এসে দরজা ভেঙে দেখে অভিজিতবাবুর দেহ ঝুলছে। মেঝেতে নিথর দেহ পড়ে দেবযানী ও তাঁদের কন্যা সাম্রাজ্ঞীর। পুলিশ খোঁজখবর করে প্রাথমিকভাবে জেনেছে, ব্যবসায় মন্দা চলছিল অভিজিতবাবুর। আর্থিক সমস্যা দেখা দিয়েছিল পরিবারের।
অনুমান, অভিজিতবাবু তাঁর স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ।
সূত্র: দ্য ওয়াল




