
আবারো দুর্বৃত্তের হামলা শিকার হয়েছেন টলিউড পরিচালক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ২৫ জানুয়ারি (মঙ্গলবার) তার নির্বাচনী এলাকা টিটাগড়ের বড় মসজিদের কাছে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টিটাগড় বড় মসজিদের পাশের পার্ক উদ্বোধন শেষে অন্য একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন রাজ চক্রবর্তী। তখন পেছন থেকে তার ওপর হামলা চালায় দুই দুর্বৃত্ত। রাজকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার চেষ্টা করে তারা।
কিন্তু রাজের নিরাপত্তারক্ষীরা রুখে দাঁড়ানোয় খুব বড় কোনো অঘটন ঘটেনি। এর পর তৃণমূলকর্মীরা রাজকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসেন।
আরও পড়ুন: কি কারনে বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত!
স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানান, পারভেজ ও গিয়াসু নামে দুজন এ হামলা চালিয়েছে। মণীশ শুক্লার ঘনিষ্ঠ বলে পরিচিত এ দুজন সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তবে কেন তারা বিধায়ক রাজের ওপর হামলা চালালো তা জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, অতিরিক্ত কমিশনার অজয় ঠাকুরসহ পুলিশের কর্মকর্তারা। তা ছাড়া খবর পেয়ে ছুটে যান ব্যারাকপুর জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক।
ব্যারাকপুরের হনুমান মন্দির নিয়ে বেশ কিছু দিন ধরে জটিলতা চলছে। তা নিরসনের জন্য গত বছরের ২৯ আগস্ট সেখানে গিয়েছিলেন রাজ। ওই সময়ে প্রায় ৩০ জন দুর্বৃত্ত হামলা করে রাজ এবং সেখানে উপস্থিত তৃণমূলের সদস্যদের ওপর।



