ঝাড়গ্রাম স্টেশনে কয়লা বোঝাই মালগাড়িতে ধোঁয়া, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়াল রেল
স্বপ্নীল মজুমদার

কোলাঘাটের উদ্দেশ্যে কয়লা বোঝাই করে নিয়ে যাওয়ার পথে ঝাড়গ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির এক ওয়াগন থেকে হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
রেল সূত্রে জানা গিয়েছে, টাটা থেকে কয়লা নিয়ে কোলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল মালগাড়িটি। সকাল সাড়ে ন’টা নাগাদ ঝাড়গ্রাম স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে গাড়িটি দাঁড়ালে নিয়মমাফিক পরীক্ষা করার সময় গার্ড একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গেই বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ঝাড়গ্রাম দমকল বিভাগের একটি ইঞ্জিন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে বড়সড় বিপদের হাত থেকে রেল সম্পত্তি রক্ষা পায়।
ঝাড়গ্রাম দমকল বিভাগের ওসি কুন্তল সামুই বলেন, “ওই ওয়াগনে কয়লা বোঝাই ছিল। কয়লা অত্যন্ত দাহ্য হওয়ায় একটির সঙ্গে অন্যটির ঘর্ষণে আগুন লাগার সম্ভাবনা থাকে। সম্ভবত সেই কারণেই ধোঁয়া বের হচ্ছিল। আমাদের দল দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন আর কোনও বিপদের আশঙ্কা নেই।”
ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ালেও দমকলের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।



