ঝাড়গ্রাম

জঙ্গলমহলে গেরুয়া ঝড়, ঝাড়গ্রামের চারটি আসনই ছিনিয়ে নিল বিজেপি

স্বপ্নীল মজুমদার

জঙ্গলমহলে গেরুয়া ঝড়, ঝাড়গ্রামের চারটি আসনই ছিনিয়ে নিল বিজেপি - West Bengal News 24

গত নির্বাচনের ফলাফলকে সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়ে ঝাড়গ্রামের রাজনৈতিক রাশ নিজেদের হাতে নিল ভারতীয় জনতা পার্টি। ঘাসফুল শিবিরের যাবতীয় প্রতিরোধ ভেঙে চুরমার করে দিয়ে এবার জেলার চারটি বিধানসভাতেই ফুটেছে পদ্ম। সোমবার সকাল থেকে ভোট গণনার কাজ শুরু হতেই স্পষ্ট হয়ে যায় যে, জঙ্গলমহলের রায় এবার কোন দিকে যাচ্ছে। সময় যত গড়িয়েছে, গেরুয়া শিবিরের প্রার্থীদের জয়ের ব্যবধানও ততটাই বেড়েছে।

এদিন সকালে নয়াগ্রাম কেন্দ্রে কিছুটা হলেও লড়াইয়ের আভাস দিয়েছিলেন শাসক দলের প্রার্থী দুলাল মুর্মু। প্রথম কয়েক রাউন্ডের গণনায় তিনি কখনও সামান্য ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন, আবার পরক্ষণেই পিছিয়ে পড়ছিলেন। তবে বেলা বাড়তেই সেই দ্বন্দ্ব কেটে যায় এবং বিজেপি প্রার্থীর পক্ষে ভোটের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। অন্যদিকে, বিনপুর কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা গণনার শুরু থেকেই পিছিয়ে পড়েন। সেই ধাক্কা সামলে তিনি বা অন্য কোনো তৃণমূল প্রার্থীই আর ময়দানে ফিরতে পারেননি। ঝাড়গ্রাম সাধারণ আসনে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের দাপট ছিল শুরু থেকেই। প্রথম রাউন্ড থেকেই তিনি যে লিড নিয়েছিলেন, তা ধরে রেখেই শেষ পর্যন্ত রেকর্ড ব্যবধানে জয়ী হন।

আরও পড়ুন :: সরকারি নথি নিয়ে কোনও ঝুঁকি নয়! মুখ্যসচিবের বিশেষ নির্দেশিকা জারি

দুপুরের দিকেই ফলাফল স্পষ্ট হয়ে যেতে শুরু করে। ফলে তৃণমূলের নির্বাচনী শিবিরগুলি একে একে ফাঁকা হতে থাকে। অন্যদিকে উৎসবে মেতে ওঠে বিজেপি শিবির। চলে দেদার গেরুয়া আবির খেলা। এমনকি তৃণমূলের পরিত্যক্ত ক্যাম্পগুলিতে গিয়ে বিজেপি কর্মীদের বিজয়ভোজ সারতেও দেখা যায়। বিনপুর (তপশিলি উপজাতি সংরক্ষিত), ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম (তপশিলি উপজাতি সংরক্ষিত)— এই চার আসনেই শেষ পর্যন্ত জয়ী হয়েছে বিজেপি। গণনার চূড়ান্ত ফল প্রকাশের আগেই পরাজয় নিশ্চিত বুঝে স্ট্রং রুম ছেড়ে বেরিয়ে যান বীরবাহা হাঁসদা ও দুলাল মুর্মুরা। সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি বীরবাহা। তবে জেলা তৃণমূল সভাপতি তথা পরাজিত প্রার্থী দুলাল মুর্মু গণনায় ইভিএম কারচুপির গুরুতর অভিযোগ তুলেছেন।

ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ ৩৮,১৪৭ ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন তৃণমূলের মঙ্গল সরেনকে। নয়াগ্রাম কেন্দ্রে ৬,৪২৪ ভোটে ঘাসফুল শিবিরের দুলাল মুর্মুকে পরাস্ত করেছেন বিজেপি প্রার্থী অমিয় কিস্কু। বিনপুরে ২২,৯৭৭ ভোটের ব্যবধানে প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদাকে হারিয়ে বড় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। একই সঙ্গে গোপীবল্লভপুর কেন্দ্রেও শাসক দলের প্রার্থীকে পরাস্ত করে ২৬,৬৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের রাজেশ মাহাতো।

একনজরে ঝাড়গ্রামের ফলাফল

কেন্দ্রজয়ী প্রার্থী (BJP)পরাজিত প্রার্থী (TMC)জয়ের ব্যবধান
ঝাড়গ্রামলক্ষ্মীকান্ত সাউমঙ্গল সরেন৩৮,১৪৭ ভোট
বিনপুরপ্রণত টুডুবীরবাহা হাঁসদা২২,৯৭৭ ভোট
গোপীবল্লভপুররাজেশ মাহাতো(তৃণমূল প্রার্থী)২৬,৬৭৫ ভোট
নয়াগ্রামঅমিয় কিস্কুদুলাল মুর্মু৬,৪২৪ ভোট

আরও পড়ুন ::

Back to top button