ঝাড়গ্রাম

বিশ্বমানের হাসপাতাল গড়ার আশ্বাস লক্ষীকান্তের, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে আচমকা পরিদর্শনে নবনির্বাচিত বিজেপি প্রার্থী

স্বপ্নীল মজুমদার

বিশ্বমানের হাসপাতাল গড়ার আশ্বাস লক্ষীকান্তের, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে আচমকা পরিদর্শনে নবনির্বাচিত বিজেপি প্রার্থী - West Bengal News 24

ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আগামী দিনে ‘বিশ্বমানের হাসপাতাল’ হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক লক্ষীকান্ত সাউ। বুধবার আচমকাই তিনি পৌঁছে যান ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁর এই আকস্মিক পরিদর্শন ঘিরে হাসপাতাল চত্বরে কিছুটা চাঞ্চল্য ছড়ালেও, সাধারণ মানুষের সমস্যার খোঁজ নিতে সরাসরি হাসপাতালে আসার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

এদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ এবং পরিষেবা পরিকাঠামো ঘুরে দেখেন বিধায়ক। কোথাও কোনও ঘাটতি রয়েছে কি না, তা হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কাছ থেকেও জানার চেষ্টা করেন তিনি। পরে হাসপাতালের ভাইস প্রিন্সিপাল তথা সুপার অনুরূপ পাখিরা এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন লক্ষীকান্ত সাউ। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, রোগীদের সুবিধা, পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, রোগীর চিকিৎসায় কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষ যাতে দ্রুত এবং সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা এবং হাসপাতালের প্রতিটি স্তরে জবাবদিহির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

একইসঙ্গে হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা এবং রোগীদের দেওয়া খাবারের মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেন বিধায়ক। লক্ষীকান্ত সাউ বলেন, “ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে আধুনিক ও উন্নত স্বাস্থ্য পরিষেবার কেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য। প্রয়োজনীয় সব রকম সহযোগিতা ও উদ্যোগ নেওয়া হবে।”

পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানুষের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসপাতালের পরিষেবা যাতে আরও উন্নত হয়, তার জন্য নিয়মিত নজরদারি চালানো হবে। কোথাও সমস্যা থাকলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

বিধায়কের এই পরিদর্শনের পর হাসপাতাল মহলে তৎপরতা যেমন বেড়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এখন নজর, তাঁর প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় তার দিকেই।

আরও পড়ুন ::

Back to top button