সুন্দরবনে ১৬০০ একর ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি! অ্যাকশনে নয়া বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও, কড়া নির্দেশে কাঁপছে মাফিয়ারা! 🔥
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

তৃণমূল কংগ্রেসের শাসনকালে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ বহুবার সামনে এসেছে। অভিযোগ, মাতলার চরে বিস্তীর্ণ এলাকার ম্যানগ্রোভ কেটে সেখানে তৈরি করা হয়েছিল মাছের ভেড়ি। এবার বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। সংশ্লিষ্ট মাছের ভেড়িগুলি বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ওই জমিতে নতুন করে ম্যানগ্রোভের চারা রোপণের কথাও জানিয়েছেন তিনি।
রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নদীর চর দখল এবং ম্যানগ্রোভ কেটে ফেলার অভিযোগও দীর্ঘদিনের। এবার ক্যানিং এলাকায় বিপুল পরিমাণ জমির ম্যানগ্রোভ ধ্বংসের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, শুধু গাছ কেটেই থেমে থাকা হয়নি, মাতলার চরের সেই জমিতে মাছের ভেড়িও তৈরি করা হয়েছিল। প্রায় ১৬০০ একর জমির ম্যানগ্রোভ কেটে এই ভেড়ি গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন :: ‘দলত্যাগীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব!’ একুশে জুলাইয়ের আগে বিদ্রোহীদের বেনজির চ্যালেঞ্জ অভিষেকের
শনিবার সুন্দরবন থেকে ফেরার পথে রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও ক্যানিংয়ের কৃপাখালি এলাকায় যান। সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে মাছের ভেড়ি দেখে তিনি বিস্মিত হন। এরপর দ্রুত ওই ভেড়িগুলি বন্ধ করার নির্দেশ দেন বনমন্ত্রী। প্রশাসন ও সংশ্লিষ্ট আধিকারিকদের ভেড়ি থেকে দ্রুত জল বের করে দেওয়ার কথাও বলা হয়েছে। ভবিষ্যতে যাতে ওই এলাকায় আবার মাছের ভেড়ি তৈরি না হয়, সে বিষয়েও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বনমন্ত্রী বলেন, “আমরা নভেম্বর মাসের মধ্যে এই সমস্ত এলাকায় ম্যানগ্রোভ বসিয়ে দেব। প্রায় ১৬০০ একর জুড়ে এই মাছের ভেরি তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে জেলাশাসককে জানানো হবে এই জমি উদ্ধারের জন্য।”
পাশাপাশি আশপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হবে বলে জানানো হয়েছে।



