মুর্শিদাবাদ

সাড়ে ৩ হাজার কেন্দ্রীয় বাহিনী, ৩১৫ বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা, ভোটের আগে দুর্গ রেজিনগর

ওয়েবডেস্ক

সাড়ে ৩ হাজার কেন্দ্রীয় বাহিনী, ৩১৫ বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা, ভোটের আগে দুর্গ রেজিনগর - West Bengal News 24
রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন

মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে তৎপরতা বেড়েছে প্রশাসনের। রাত পোহালেই ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর সূত্রে খবর, অবাধ, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোটগ্রহণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন।

রেজিনগর বিধানসভা কেন্দ্রে মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৮২টি মূল বুথ এবং ৩৩টি সহায়ক বুথ। ভোটারদের সহায়তার জন্য প্রতিটি বুথেই ভোটার অ্যাসিসট্যান্স বুথ রাখা হয়েছে। মহিলা ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ১৫৮ ও ১৫৯ নম্বর বুথকে সম্পূর্ণ মহিলা পরিচালিত মডেল বুথ হিসেবে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন রাখার জন্য প্রতিটি বুথে একটি করে ডিপোজিট ব্যাগের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ৮১৯ জন রাজ্য পুলিশকর্মী। রাজ্য পুলিশের মধ্যে ১৪৪ জন অফিসার এবং ৬৭৫ জন কনস্টেবল রয়েছেন। জেলাশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং অফিসারের যৌথ সমীক্ষার ভিত্তিতে ১৯টি স্পর্শকাতর এলাকা এবং ২২৯টি ক্রিটিক্যাল বুথ চিহ্নিত করা হয়েছে। ওই এলাকাগুলিতে নিয়মিত রুট মার্চের পাশাপাশি এরিয়া ডমিনেশনও চালানো হচ্ছে।

অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ১৯৫০ টোল ফ্রি হেল্পলাইনে ২৪ ঘণ্টা চারজন এজেন্ট কাজ করছেন। জাতীয় অভিযোগ পোর্টাল এবং কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে জমা পড়া মোট পাঁচটি অভিযোগেরই ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি হয়েছে। একইভাবে, সি-ভিজিল অ্যাপের মাধ্যমে পাওয়া ৩৫টি অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে।

ইভিএম প্রস্তুতির কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর প্রার্থীভিত্তিক সেটিং ও কমিশনিং সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য মোট ৩৮৯টি সিইউ, ৩৯০টি বিইউ এবং ৪১৮টি ভিভিপ্যাট প্রস্তুত রাখা হয়েছে।

স্ট্রংরুমে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তার অভ্যন্তরীণ বলয়ে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখা হবে। ভোটগণনা হবে বহরমপুর গার্লস কলেজে। ইভিএম গণনার জন্য ১৪+৭টি এবং পোস্টাল ব্যালট গণনার জন্য ৩+২টি টেবিল রাখা হয়েছে। গণনার কাজে ৪৪ জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। গণনাকেন্দ্রেও সিসিটিভি নজরদারির পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

রেজিনগর কেন্দ্রে মোট মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৬১৬। বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউডি ভোটারের সংখ্যা ৩ হাজার ২৬৪। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। ১০৩টি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের মধ্যে ৯৬টি জমা নেওয়া হয়েছে। এছাড়া ৭৮টি জামিন অযোগ্য পরোয়ানা কার্যকর করা হয়েছে। ৫৭ জনকে ১০৭ ধারায় বন্ডে আবদ্ধ করা হয়েছে এবং ৯৯ জনকে আটক করা হয়েছে।

অভিযানে ৮ কেজি বিস্ফোরক এবং ১৭ লিটার অবৈধ মদও বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটগ্রহণের আগে রেজিনগরে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে।




FAQ

রেজিনগরে উপনির্বাচন কবে?

রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ৬ অক্টোবর ২০২৬। ভোটগণনা হবে ৯ অক্টোবর।

রেজিনগরে কতটি ভোটকেন্দ্র রয়েছে?

রেজিনগরে মোট ৩১৫টি ভোটকেন্দ্র রয়েছে—২৮২টি মূল এবং ৩৩টি সহায়ক কেন্দ্র।

রেজিনগরে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন?

রেজিনগরে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কত জন রাজ্য পুলিশ দায়িত্বে থাকবেন?

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ৮১৯ জন রাজ্য পুলিশকর্মী দায়িত্বে থাকবেন—১৪৪ জন অফিসার এবং ৬৭৫ জন কনস্টেবল।

রেজিনগরে কতগুলি বুথকে ক্রিটিক্যাল বলা হয়েছে?

প্রশাসনের সমীক্ষায় ২২৯টি বুথকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ১৯টি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button