অক্সিজেনের কালোবাজারি রুখতে হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ

অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবার পদক্ষেপ করল কলকাতা পুলিশও (Kolkata Police)। সাধারণ মানুষ সরাসরি যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল ৯৮৭৪৯০৯৬৪০। দেওয়া হয়েছে একটি মেইল আইডিও। [email protected]। কালোবাজারি ঠেকাতে এই নম্বরে ফোন করে বা মেইল করার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ।
করোনায় যখন রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছেন তখন পরিস্থিতির সুযোগ নিয়ে সাহায্যের নাম করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। ফোন করলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু সেই নম্বরগুলিতে ফোন করে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। আবার যে অক্সিজেন সিলিন্ডারের দাম ছিল ৬-সাড়ে ৬ হাজার টাকা, এখন ৮-১০ হাজার টাকাতেও তা মিলছে না। অভিযোগ, ব্যবসায়ীদের একাংশ সিলিন্ডার মজুত করে রাখছেন ও সুযোগ বুঝে খোলাবাজারে চড়া দামে বিক্রি করছেন। এমন অভিযোগও উঠছে।
সম্প্রতি, অক্সিজেনের কালোবাজারির অভিযোগে পার্ক স্ট্রিট থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরার ভিত্তিতে গতকাল উত্তরপাড়া থেকে চন্দন মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। উল্লেখ্য বৃহস্পতিবারই দেখা গিয়েছে রেমডিসিভির নিয়ে কালোবাজারি করায় তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
রাজভবনে তৃতীয়বার শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর প্রথম কাজ হবে করোনা প্রতিরোধ করা। তার জন্য যা যা করা দরকার তিনি করবেন। এই পরিস্থিতিতে অভিযোগ উঠতে শুরু করে অক্সিজেন, ভ্যাকসিনের কালোবাজারি করছে কিছু মানুষ। এদিকে অক্সিজেনের আকাল পড়েছে। তাই এই মহামারীতে জালিয়াতি রুখতে এবার পদক্ষেপ করল কলকাতা পুলিশও।
এদিকে, অক্সিজেন সরবরাহ যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেজন্যও কলকাতা পুলিশের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সব হাসপাতাল কর্তৃপক্ষ ও অক্সিজেন সরবরাহকারীদের বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হলে যেন পুলিশকে জানানো হয়, তাহলে বিশেষ করিডরের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে দ্রুত অক্সিজেন গন্তব্যে পৌঁছে যাবে। সেজন্য দুটি হেল্পলাইনও দেওয়া হয়েছে। সেই হেল্পলাইন দুটি হল – ০৩৩২২৫০৫০৯৬, ০৩৩২২১৪৩৬৪৪।
সূত্র : কলকাতা ২৪*৭



