
ওলা , উবের – এবার এই অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে যে বেনিয়মের অভিযোগ উঠল তা রীতিমতো বিস্ফোরক। সম্প্রতি দিল্লির এক ব্যবসায়ী দাবি করেছেন ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি আলাদা আলাদা ব্র্যান্ডের স্মার্টফোনে একই পরিষেবার জন্য আলাদা আলাদা ভাড়া নিচ্ছে। অর্থাৎ একই পরিষেবার জন্য আইফোন ব্যবহারকারীকে বেশি ভাড়া গুনতে হচ্ছে, তুলনায় কম ভাড়া দিচ্ছেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।
ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাবের ভাড়ায় বেনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। তবে এবার এই দুই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা দুই সংস্থাকে নোটিস দিয়েছে। ওই দুই সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে, এভাবে আলাদা আলাদা ভাড়া নেওয়া হচ্ছে কিনা ? আর নেওয়া হলে সেটা কীসের ভিত্তিতে ?
ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী বলছেন, “কোনওভাবেই কোনও গ্রাহককে ঠকানো বরদাস্ত করবে না কেন্দ্র।” উল্লেখ্য , ডিসেম্বর মাসে সোশাল মিডিয়ায় এই ধরনের বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছিল। একাধিক গ্রাহক অভিযোগ করছিলেন, ওলা এবং উবের দুই সংস্থাই আইফোনের ক্ষেত্রে একই পরিষেবাতে বেশি ভাড়া নিচ্ছে। তুলনায় কম ভাড়া নিচ্ছে অ্যান্ড্রোয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।



