ক্রিকেট

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা, গিলের নেতৃত্বে নতুন অধ্যায়, দলে নেই শামি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Eng vs IND Test Squad 2025 : ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা, গিলের নেতৃত্বে নতুন অধ্যায়, দলে নেই শামি - West Bengal News 24

ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল চূড়ান্ত করেছে বোর্ড। রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর নেতৃত্ব নিয়ে চলছিল নানা জল্পনা। প্রত্যাশা অনুযায়ী, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। এই সিদ্ধান্তের মাধ্যমে শুরু হল গৌতম গম্ভীরের নতুন পরিকল্পনার বাস্তবায়ন। সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন ঋষভ পন্থ। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মহম্মদ শামির। মুম্বইয়ে বোর্ড সদর দফতরে বৈঠকের পর ১৮ সদস্যের এই দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর।

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস শুরু করবেন যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ কিংবা সাই সুদর্শন—এ সিদ্ধান্ত নির্ভর করবে কন্ডিশনের উপর। তিন নম্বরে থাকবেন অধিনায়ক শুভমান গিল, এরপর কেএল রাহুল। ঋষভ পন্থও উপরের দিকে ব্যাট করতে পারেন। তবে গিল ওপেন করলে সুদর্শনকে চতুর্থ বা পঞ্চম স্থানে দেখা যেতে পারে। এরপর ব্যাটিং সামলাবেন নীতীশ রেড্ডি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যিনি স্পিনের দায়িত্বও নেবেন। কন্ডিশন অনুযায়ী, একাদশে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর কিংবা দলে সাত বছর পর ফেরা করুণ নায়ার।

ইংল্যান্ডের উইকেট মাথায় রেখে তিন পেসার নিয়ে নামার পরিকল্পনা রয়েছে। বুমরাহ ও সিরাজ নিশ্চিত। তাদের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী দেখা যেতে পারে প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ বা অন্য কাউকে, যারা বোলারদের ‘ওয়ার্কলোড’ বুঝে সুযোগ পাবে।

ভারতের এই পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে ২০ জুন, প্রথম ম্যাচ হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে এজবাস্টনে, তৃতীয়টি ১০ জুলাই থেকে লর্ডসে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টারে এবং ৩১ জুলাই থেকে শেষ টেস্ট ওভালে শুরু হবে। এছাড়াও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

Eng vs IND Test Squad 2025 : ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা, গিলের নেতৃত্বে নতুন অধ্যায়, দলে নেই শামি - West Bengal News 24

ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া

  • শুভমান গিল (অধিনায়ক)
  • অভিমন্যু ঈশ্বরণ
  • যশস্বী জয়সওয়াল
  • কেএল রাহুল
  • করুণ নায়ার
  • সাই সুদর্শন
  • রবীন্দ্র জাদেজা
  • ওয়াশিংটন সুন্দর
  • নীতীশ কুমার রেড্ডি
  • ঋষভ পন্থ
  • ধ্রুব জুড়েল
  • জশপ্রীত বুমরাহ
  • মহম্মদ সিরাজ
  • প্রসিদ্ধ কৃষ্ণ
  • আকাশ দীপ
  • অর্শদীপ সিং
  • শার্দূল ঠাকুর
  • কুলদীপ যাদব

আরও পড়ুন ::

Back to top button