কলকাতা

ভোর ৬টা থেকেই ছুটবে মেট্রো, রাতেও মিলবে বাড়তি ট্রেন! জেনে নিন ২৭ জুলাই থেকে কলকাতা মেট্রোর নতুন সময়সূচি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভোর ৬টা থেকেই ছুটবে মেট্রো, রাতেও মিলবে বাড়তি ট্রেন! জেনে নিন ২৭ জুলাই থেকে কলকাতা মেট্রোর নতুন সময়সূচি - West Bengal News 24

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে সকাল ৬টা থেকেই মেট্রো চলাচল শুরু হবে। পরিষেবা পাওয়া যাবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত সুবিধা দিতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে প্রথম মেট্রো সকাল ৬টায় ছাড়বে। দিনের শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে রওনা দেবে রাত সাড়ে ১০টায়। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটেও সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হবে। এই লাইনের শেষ মেট্রোও ছাড়বে রাত সাড়ে ১০টায়।

আরও পড়ুন :: বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! ৮টি মামলায় রক্ষাকবচ দিল না হাইকোর্ট, চরম উদ্বেগে তৃণমূল

সোমবার থেকে শনিবার পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে। দুই লাইনের প্রতিটি স্টেশনে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে।

পরিষেবার সময় বাড়ানোর পাশাপাশি ট্রেনের সংখ্যাও বৃদ্ধি করছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু লাইনে অতিরিক্ত ১২টি মেট্রো চালানো হবে। রবিবার এই লাইনে আরও ৬টি মেট্রো বাড়ানো হচ্ছে। গ্রিন লাইনেও একইভাবে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু করা হবে।

কোভিড অতিমারির পর থেকে মেট্রোর পরিষেবার সময় কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো পাওয়া যায় সকাল ৬টা ৫০ মিনিটে। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে, হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটে এবং শেষ মেট্রো রাত ১০টা ৫ মিনিটে ছাড়ে।

দীর্ঘদিন ধরেই পরিষেবার সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। সেই দাবির ভিত্তিতেই নতুন সময়সূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভোরের যাত্রীদের পাশাপাশি রাতে কর্মস্থল বা অন্য কাজ সেরে বাড়ি ফেরা মানুষেরাও বিশেষভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন ::

Back to top button