সেপ্টেম্বরেই শেষবার ঘরের মাঠে নামতে পারেন মেসি! মায়ামিকে ফাইনালে তুলে অবসরের আভাস আর্জেন্টাইন মহাতারকার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

চোট কাটিয়ে মাঠে ফিরেই গোলের ঝড় তুলেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষকে পরাস্ত করে ফের নিজের ফর্মের পরিচয় দিয়েছেন তিনি। তবে এ বার জাতীয় দলের জার্সি গায়ে আর বেশি দিন খেলবেন না বলেই ইঙ্গিত দিলেন এলএমটেন। বুধবার লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছেন মায়ামির অধিনায়ক। ম্যাচের পর তাঁর বক্তব্যেই জল্পনা ছড়িয়েছে, খুব শিগগিরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি।
আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়নরা আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তাই ওই ম্যাচটাই ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সমর্থকেরা। কারণ ম্যাচ শেষে সাক্ষাৎকারে মেসির স্পষ্ট মন্তব্য, “ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।”
মেসি আরও বলেন, “জানি না ওই ম্যাচটার পরে আর কোনও ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা। তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল। আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন, আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে। তারপরে কী হবে, এখন জানি না।” তাঁর এই মন্তব্যের পরেই আলোচনায় তুঙ্গে উঠেছে সম্ভাবনা—ঘরের মাঠে হয়তো এটাই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে আগামী বছরের বিশ্বকাপে তিনি খেলবেন বলেই আশা ভক্তদের। তার পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন ফুটবল থেকে।
এদিকে, ভারতেও শুরু হয়েছে মেসি-জ্বর। ডিসেম্বরেই মেসিকে নিয়ে মাততে চলেছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। সেই সফরের সূচি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। তবে তার আগেই নভেম্বরে ভারত সফরে আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কেবল আসবেনই না, কেরলে ম্যাচ খেলতেও দেখা যাবে তাঁকে। শুধু মেসি নন, আর্জেন্টিনার পুরো দলই হাজির হবে ভারতের মাঠে।



