
পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হামলায় একাধিক ভারতীয় নারীর সিঁথি মুছে গিয়েছিল। সেই ঘটনার বদলা ভারত নিয়েছিল যুদ্ধক্ষেত্রে। এবার ক্রিকেটের ময়দানেই যেন প্রতিশোধ নিল সূর্যকুমার যাদবের ভারত। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর সেই স্মৃতিই টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ম্যাচ জয়ের পর তিনি এক্স-এ লিখলেন, “এবার খেলার মাঠ অপারেশন সিঁদুর।”
ফাইনালে ভারত ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এর পরপরই প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল…ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই।” উল্লেখযোগ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তান-সমর্থিত জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জন প্রাণ হারিয়েছিলেন। এর পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে পৌঁছয়। প্রতিশোধ হিসেবে ৭ মে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে চালায় ‘অপারেশন সিঁদুর’। ধ্বংস করা হয় ৯টি জঙ্গিঘাঁটি। এর জেরেই শুরু হয় সীমান্ত সংঘর্ষ। যদিও চার দিন পর সংঘর্ষবিরতি ঘোষণা হয়, এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বহাল।
#OperationSindoor on the games field.
Outcome is the same – India wins!
Congrats to our cricketers.
— Narendra Modi (@narendramodi) September 28, 2025
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। পাকিস্তানের ওপেনিং জুটি ৮৪ রান যোগ করেছিল। সাহিবজাদা ফারহান করেন ৫৭, ফখর জামান ৪৬। সেই সময় বুমরাহকে চাপে রাখছিলেন পাক ব্যাটাররা। কিন্তু স্পিনারদের হাতে বল আসতেই ভেঙে পড়ে ইনিংস। প্রথম তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ১১৩ রানে ২ উইকেট থেকে শেষ পর্যন্ত ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ যাদব নেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে ভারত। ২০ রানের মধ্যেই পড়ে যায় তিন উইকেট। সেখান থেকে তিলক বর্মা ও সঞ্জু স্যামসন ৫৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। পরে শিবম দুবের সঙ্গে গড়ে তোলেন আরেকটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। দুবে আউট হলেও তিলক লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অপরাজিত ৬৯ রান করে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।



