‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!’- অর্পিতা প্রসঙ্গে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নিয়োগ দুর্নীতি মামলার পর দীর্ঘদিন জেলবন্দি ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মুক্তির পর প্রথমবার অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) প্রসঙ্গে মুখ খুললেন তিনি। এক সময় তাঁদের সম্পর্ক নিয়ে ব্যাপক জল্পনা চলেছিল প্রেমিক-প্রেমিকা, নাকি কাকা-ভাইঝি! আদালতে ভারচুয়াল শুনানির সময় তাঁদের দৃষ্টি বিনিময়ে লুকোনো অনুভূতি যেন অনেক কিছুই বলে দিয়েছিল।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় একই দিনে ইডি তল্লাশি চালায় পার্থ ও অর্পিতার বাড়িতে। অর্পিতার খাটের নিচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা ও গয়না। সেখান থেকেই প্রকাশ্যে আসে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। যদিও পার্থ দাবি করেছিলেন, তিনি অর্পিতাকে চিনতেন না। অন্যদিকে অর্পিতা জানিয়েছিলেন, তাঁর বাড়িতে পাওয়া টাকার মালিক পার্থই। ভয়ে মুখ খুলতে পারেননি আগে। তদন্তে আরও জানা যায়, অর্পিতা মা হতে চেয়েছিলেন, আর তাতে পার্থরও আপত্তি ছিল না তাঁরা একসঙ্গে সন্তান দত্তক নেওয়ার আবেদনও করেছিলেন।
বৃহস্পতিবার মুক্তির পর সাংবাদিকদের প্রশ্নে পার্থ বলেন, “লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।”
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, তাঁর এই মন্তব্যের লক্ষ্য আসলে কার দিকে? অনেকের মতে, তাঁর নিশানায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলে ফিরে এনকেডিএ চেয়ারম্যান হয়েছেন শোভন, এবং শোনা যাচ্ছে, বেহালা পশ্চিমে পার্থর পুরনো আসনেই তৃণমূল তাঁকেই প্রার্থী করতে পারে। তাই পার্থর এই মন্তব্যে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, জেল থেকে ফেরার পর এই বক্তব্যে পার্থ বুঝিয়ে দিলেন, নিজের রাজনৈতিক জমি থেকে সরতে তিনি রাজি নন।



