
মঙ্গলবার কুড়ি বছরে পা রাখলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার মেয়ে সারা সেনগুপ্ত। জন্মদিনের দিনটি কাটালেন একান্তে মা নীলাঞ্জনা শর্মা ও ছোট বোন জারাকে সঙ্গে নিয়ে। সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। মধ্যরাতে কেক কেটে, আনন্দে মেতে উঠল সারার জন্মদিন উদযাপন। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তগুলোর একঝলক শেয়ার করেছেন নীলাঞ্জনা নিজেই। সাদামাটা পোশাকে কালো ওভারসাইজ সোয়েটশার্ট ও পাজামায় ছিমছাম সাজে ছিলেন সারা। বেলুনে সাজানো ছিল তাঁর জন্মদিনের আয়োজনস্থল।
সাম্প্রতিক সময়ে মডেলিং জগতে নিজের জায়গা তৈরি করছেন সারা। গত বছর গ্র্যাজুয়েশন শেষ করে এখন বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। স্টার কিড ট্যাগ ঝেড়ে নিজের পরিচিতি গড়ে তুলতে চাইছেন পরিশ্রমের মাধ্যমে। যদিও তাঁর বড়পর্দায় অভিষেক হয় ২০১৮ সালে, সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবির মাধ্যমে। বর্তমানে কাজের টানে প্রায়ই বাইরে থাকতে হয় তাঁকে, আর এখন স্থায়ীভাবে মুম্বইতে গিয়ে নিজের কেরিয়ার গড়ার পথে হাঁটছেন সারা।
অন্যদিকে, নীলাঞ্জনা শর্মা মেয়েদের দায়িত্ব সামলাচ্ছেন একা হাতে। ব্যস্ত সময়ের মাঝেও তাঁদের প্রতিটি আনন্দমুহূর্তে নিজের উপস্থিতি নিশ্চিত করেন তিনি। প্রযোজনা সংস্থার কাজের পাশাপাশি মা হিসেবে দুই মেয়ের যত্নে কোনও ত্রুটি রাখেন না। সম্প্রতি ছোট মেয়ে জারার জন্মদিনেও ছিল এমনই সেলিব্রেশনের ছোঁয়া, তবে সেখানে দেখা যায়নি যিশু সেনগুপ্তকে।
ইদানীং সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা ও মেয়েদের সঙ্গে যিশুর দূরত্ব স্পষ্ট। তাঁকে ‘আনফলো’ করেছেন নীলাঞ্জনা ও সারা দু’জনেই। এমনকি সারা নিজের অ্যাকাউন্ট থেকে বাবার ছবিগুলো সরিয়ে ফেলেছেন। নীলাঞ্জনাও নিজের নাম থেকে ‘সেনগুপ্ত’ পদবী বাদ দিয়েছেন। এখন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু শুধু দুই মেয়ে আর নিজের প্রযোজনা সংস্থা।



