সংগীত

তিন হাজারেরও বেশি শিশুর হার্ট সার্জারির খরচ বহন, গিনেস বুকে নাম উঠল পলকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Palak Muchhal : তিন হাজারেরও বেশি শিশুর হার্ট সার্জারির খরচ বহন, গিনেস বুকে নাম উঠল পলকের - West Bengal News 24

গায়িকা পলক মুচ্ছল আবারও নজর কাড়লেন, তবে এ বার মঞ্চ বা মাইক্রোফোনে নয়, মানবসেবার জন্য। সুরের দুনিয়ায় যেমন তিনি অসংখ্য শ্রোতার মন জিতেছেন, তেমনই সমাজসেবাতেও রেখেছেন অমলিন দাগ। ছোটবেলা থেকেই দুঃস্থদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ৩,৮০০-রও বেশি শিশুর হার্ট সার্জারির সম্পূর্ণ খরচ বহন করেছেন পলক। আর এই অভাবনীয় উদ্যোগের ফলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডস দুই জায়গাতেই জায়গা করে নিয়েছেন এই বলিউড তারকা।

পলকের মানবসেবার যাত্রা শুরু হয় খুব অল্প বয়সে। ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে এতগুলো শিশুর হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। ট্রেনে ভ্রমণের সময় একদিন ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই মুহূর্তে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’

তখন পলকের বয়স ছিল মাত্র সাত-আট বছর। দরিদ্র শিশুদের কষ্ট দেখে মনে গভীর দাগ কেটেছিল। সেই সময় থেকেই মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নেন তিনি। পরবর্তী সময়ে কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের সাহায্যের জন্য গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন পলক। একইভাবে স্কুলপড়ুয়া এক শিশুর হার্ট সার্জারির জন্য তুলেছিলেন প্রায় ৫১ হাজার টাকা। সেখান থেকেই শুরু হয় তাঁর হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম।

মানবিকতা ও সহমর্মিতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্যই পলক মুচ্ছল হয়ে উঠেছেন প্রথম বলিউড গায়িকা, যার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।

আরও পড়ুন ::

Back to top button