‘আরও ২০-৩০ লক্ষ লাগলে আমি দেব!’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘অন্নপূর্ণা যোজনা’র বরাদ্দ কি ভবিষ্যতে আরও বাড়ানো হবে? ভবানীপুরের সভা থেকে সেই সম্ভাবনারই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, অগস্ট মাসেই প্রায় ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। আগামী দিনে আরও মহিলাকে এই ভাতার আওতায় আনা হবে। প্রয়োজন হলে প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতীতে কীভাবে অনিয়ম হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, “মাত্র ৫০০ টাকা দিতে কতদিন সময় লাগিয়েছিল ২০২১ সালে? এরপর ২০২৪ সালে ঠিক লোকসভা ভোটের আগে সেই ৫০০ টাকা হয় ১০০০ টাকা। আর বিধানসভা ভোটের তিন মাস আগে ১৫০০ টাকা করা হয়।” রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি বলেন, “যেখানে যেখানে বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের বিগত দিনের ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি।”
মুখ্যমন্ত্রী বলেছেন, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।” এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।”
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যোগ্য প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবেন। প্রাপ্য অর্থ থেকে কোনও যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হবে না বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।



