ফের করোনা আক্রান্ত হাওড়া স্টেশনের কর্তব্যরত দুই আরপিএফ জওয়ান !

ওয়েবডেস্ক : হাওড়ায় নতুন করে আরও দু’জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ পাওয়া গেল। হাওড়া স্টেশনের কর্তব্যরত দুই আরপিএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের দু’জনকেই ভর্তি করা হয়েছে হাওড়া ময়দানের রেলওয়ে অর্থোপেডিক হাসপাতালে। যে দু’জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁদের মধ্যে এক জন হেড কনস্টেবল ও অন্য জন কনস্টেবল।
দু’জনেই হাওড়া স্টেশনে ডিউটি করেন এবং আরপিএফ ব্যারাকে থাকেন। কী ভাবে তাঁরা সংক্রামিত হলেন এ ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। গত কয়েক দিনে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল শুরু করার ফলে যাত্রীরা যাতায়াত করছেন। ভিন রাজ্যে থেকে প্রচুর যাত্রী হাওড়ায় আসতে শুরু করেছেন। সেখান থেকেও সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
যদিও প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। আরপিএফের সিনিয়র কমান্ডান্ট রজনীশ ত্রিপাঠী দু’জনের করোনা সংক্রমণের কথা স্বীকার করেছেন। ১২ মে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তখন থেকেই নিয়মিত রেলওয়ে ব্যারাক স্যানিটাইজ করা হচ্ছে বলে দাবি আরপিএফের। তবে এখনও বাকিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি।
এর আগে হাওড়া জেলারই উলুবেড়িয়ায় প্রথম যাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছিল তিনিও একজন আরপিএফ জওয়ান ছিলেন। তবে তিনি দিল্লি থেকে ফিরেছিলেন। তাঁর এক সহযাত্রী ওড়িশা পৌঁছনোর পরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তখনই উলুবেড়িয়ার ব্যারাকে থাকা জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে নমুনা পরীক্ষা করা হয়।
কয়েক দিন আগে হাওড়া শহরের ২৪ নম্বর ওয়ার্ডে হরিজন বস্তিতে ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারপরে এদিন ফের দু’জনের শরীরে সংক্রামণ দেখা দিল। তাই প্রশাসন উদ্বিগ্ন।
সুত্র: THE WALL



