
কোভিড সংক্রমণের কারণে নাজেহাল অবস্থা ভারতের। এই পরিস্থিতিতে এবারের আইপিএল কোথায় হবে, কবে হবে তা নিয়ে উত্কণ্ঠা তৈরি হয়েছিল। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে, এবারও সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে আইপিএল।
বোর্ডের তরফে এখনও নির্দিষ্ট সূচি না বলা হলেও প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসে আরবের মাটিতে হবে আইপিএল। মে মাসের গোড়ার দিকে আইপিএল হওয়ার কথা ছিল। কয়েকটি ম্যাচ খেলা হয়েওছিল। কিন্তু বিভিন্ন টিমের খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের কোভিড আক্রান্ত হওয়ার ঘটনায় তখন তা মাঝপথে স্থগিত করে দেওয়া হয়।
এদিন বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়েছে আইপিএল হবে আরবে। এবারও যে দেশের বাইরে আইপিএল হতে চলেছে তা এক রকম নিশ্চিতই ছিল। এদিন তাতে সিলমোহর পড়ল।
বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গতকালই রাত ১০টার বিমানে কলকাতা থেকে মুম্বই গিয়েছেন। এদিন বোর্ডের বৈঠকে আলোচ্য বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টি-২০ বিশ্বকাপ। যা এবার ভারতে হওয়ার কথা।
কোভিড পরিস্থিতিতে তা কোন সময়ে করা যায়, একটি মাঠেই তা করা হবে কি না, নাকি এমন কোনও শহরে করা হবে যেখানে একাধিক স্টেডিয়াম রয়েছে তা নিয়ে সিদ্ধান্ত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির বৈঠক রয়েছে সামনের সপ্তাহে।
সূত্র : দ্য ওয়াল



