
মুকুল এফেক্ট কাজ শুরু করেছে বিজেপিতে। ধীরে ধীরে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে আসা শুরু করেছেন একাধিক নেতা। গতকালই পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরেছেন গোবরডাঙ্গার মুকুল ঘনিষ্ঠ নেতা তপন সিনহা। গত শনিবার সন্ধ্যাবেলায় গোবরডাঙা টাউনহলে তৃণমূলের এক কর্মসূচীতে হাজির ছিলেন তপন সিনহা, আর সেখানেই ঘাসফুল শিবিরে যোগদান করেন তিনি।
মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা কিছুদিন আগেই দলবদলের ইঙ্গিত দিয়েছিলেন। গত শুক্রবার মুকুল রায়ের দলবদলের পড়েই বিজেপি ছাড়ার ইঙ্গিত তিনি দিয়ে রাখেন। সেদিনই রাতে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। আর গতকাল তাঁর তৃণমূলে যোগদান শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা ছিল বলেই মত রাজনৈতিক মহলের।
তপনবাবু অভিযোগ করেছিলেন, তিনি দলে থেকে ঠিকমতো কাজ করতে পারছিলেন না। তাই পদত্যাগ পত্র বিজেপি বনগাঁ জেলার সভাপতি মনস্পতি দেবের কাছে পাঠান তিনি। বনগাঁ লোকসভায় ভালো দাপট রয়েছে বিজেপির। তৃণমূলকে টেক্কা দিয়ে লোকসভায় ও বিধানসভায় ভালো ফল করে বিজেপি। কিন্তু মুকুল রায়ের তৃণমূলে ফেরায় আর বিজেপিতে থাকতে চাইছেন না তপন সিনহা, মত রাজনৈতিক মহলের।
যদিও তপন বাবু জানিয়েছেন, ‘বিগত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচি আমি জানতেও পারছিলাম না বা আমাকে জানানো হচ্ছিল না। একইসঙ্গে শারীরিকভাবেও আমি আর পেরে উঠছি না।’ যদিও এই দলবদলকে বেশি গুরুত্ব দিতে নারাজ বিজেপি। পাল্টা বিজেপিরে ভাঁওতা বাজিকে দায়ী করেছেন গোবরডাঙ্গার তৃণমূল নেতৃত্ব।
সূত্র : এই মুহুর্তে



