উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের, ব্যক্তিগত মতামত বলছে বিজেপি

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণার দাবি করলেন বিজেপি সাংসদ জন বার্লা। এর আগে উত্তরবঙ্গকে গোর্খাল্যান্ড করার দাবি উঠেছিল। যা নিয়ে রীতিমতো অশান্ত হয়ে উঠেছিল পাহাড়। আর ফের উত্তরবঙ্গকে আলাদা করার দাবি জানালেন বিজেপি সাংসদ।
সাধারণ মানুষের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার কথা ভেবেই এই দাবি করছেন বলে জানিয়েছেন তিনি। জন বার্লা বলেন, একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান এবং চীন রয়েছে। তাই এটি কেন্দ্রশাসিত অঞ্চল হলে আমরা সুরক্ষিত থাকব। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। এই বিষয়টি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও তিনি জানাবেন বলে বলেছেন আলিপুরদুয়ারের এই সাংসদ।
যদিও এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটি তাঁর একান্তই ব্যক্তিগত মতামত। দল ওঁনার কথায় অনুমোদন করে না। জন বার্লার এই মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল। বাংলা ভাগ করার চেষ্টা করছে বিজেপি, আরও একবার সুর চড়িয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বাংলা ভাগ হতে দেব না।
প্রসঙ্গত, এই সপ্তাহে জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পুনরায় রাজ্য হিসেবে ফিরিয়ে দিতে চলেছে কেন্দ্র। আর কেন্দ্র যখন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে চলেছে, সেখানে উত্তরবঙ্গ নিয়ে উল্টোপথে হাঁটছে বিজেপি।
সূত্র : আজকাল



