
রাজ্যে করোনার প্রকোপ যে বেশ খানিকটা কমেছে তা দৈনিক সংক্রমণের গ্রাফ দেখলেই বোঝা যায়। কিন্তু তাই বলে সতর্কতায় কোনও ঢিলেমি দিতে নারাজ মুখ্যমন্ত্রী। আগামী দিনে কোভিডের তৃতীয় ঢেউ নিয়েও উদ্বেগের সুর শোনা গেল তাঁর মুখে। কোভিডের তৃতীয় ঢেউ যদি আসে তবে তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এমন কথা জানিয়েছেন অনেক বিশেষজ্ঞরাই।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় ঢেউ আসতে পারে। আমরা সে কথা মাথায় রেখে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা নিচ্ছি। আলাদা করে বেডের ব্যবস্থা রাখা হচ্ছে তাদের জন্য। কী হবে আমরা কেউ জানি না। এছাড়া, উত্তরপ্রদেশ থেকে কোভিডে মৃত লাশ ভেসে আসার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মালদহতে বেশ কিছু লাশ ভেসে এসেছে। উত্তরপ্রদেশ থেকে ওগুলো এসেছে।
আমরা সম্মানে তাদের শেষকৃত্যের ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তর ২৪ পরগনাতে কোভিডের সংক্রমণ এখনও কিছুটা বেশি আছে। বাকি জেলাতে সংক্রমণ কমেছে। উত্তর ২৪ পরগনাতেও কমাতে হবে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে তাঁর সংযোজন এখন বাংলায় করোনা সংক্রমণ মাত্র ৪ শতাংশ। কিন্তু এটাই ভোটের সময় ৪০ শতাংশে পৌঁছেছিল।
আট দফায় ভোট করা নিয়ে এদিনও অসন্তোষ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। রাজ্যে ইতিমধ্যে ২ কোটি টিকা দেওয়া হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, আরও ১৭ লক্ষ টিকা দেওয়া হবে ২১ তারিখ অর্থাত্ আজ থেকে। রাজ্যে ২৬ তারিখ বান আসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
সূত্র : দ্য ওয়াল



