রাজ্য

আলাপনকে নিয়ে প্রতিশোধের রাজনীতি কেন্দ্রের, মোদিকে দায়ী করে সরব তৃণমূল

আলাপনকে নিয়ে প্রতিশোধের রাজনীতি কেন্দ্রের, মোদিকে দায়ী করে সরব তৃণমূল - West Bengal News 24মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, ‘আলাপন চ্যাপ্টার ক্লোজড’। কিন্তু এত তাড়াতাড়ি সে অধ্যায় শেষ হচ্ছে না। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে একের পর এক চিঠি দিয়েছে কেন্দ্র। কখনও তাঁকে দিল্লি তলব করা হয়েছে, কখনও কৃতকার্যের জন্য কারণ দর্শাতে বলা হয়েছে।

এভাবে একজন আইএসএস অফিসারকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে বলে দাবি করল তৃণমূল। শাসকদলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যেই এ কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকার, মন্তব্য সৌগত রায়ের। এদিন আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের হেনস্থা নিয়েই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

সৌগত বাবু বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র সরকার যা করছে তা আসলে প্রতিশোধের রাজনীতি। বিজেপি বাংলায় লজ্জাকর পরাজয় মেনে নিতে পারছে না। তাই এসব করছে। তিনি আরও বলেন, রাজ্যের একজন প্রশাসনিক আধিকারিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কেন্দ্র যদি তাঁকে কোনও দায়িত্ব দিতে চায় তাও রাজ্য সরকারকে জানাতে হয়।

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটাই নিয়ম। কেন্দ্র সরকার ভেবে নিয়েছিল আলাপন প্রধানমন্ত্রীর বৈঠকে যাবেন। কিন্তু কোনও নিয়ম তো ভাঙা হয়নি। আলাপন বন্দ্যোপাধ্যায় কেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না তা আগে থেকেই জানানো হয়েছিল বলে দাবি করেছেন সৌগত রায়। সোমবারই কেন্দ্র থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

দলের তরফে এর তীব্র বিরোধিতা করেছেন দমদমের সাংসদ। সৌগত রায়ের কথায়, ‘কোভিড ১৯ সংকট নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় কাজ করছিলেন। তখন কেন্দ্র সরকার তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলে। আমাদের সত্‍ আমলাদের ভাল ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা সত্যিই দুঃখজনক।’ গত সপ্তাহের শেষে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাতৃবিয়োগ ঘটেছে। এই সময় তাঁর সঙ্গে কেন্দ্রের এই আচরণকে নিষ্ঠুর হৃদয়হীন বলেও অভিহিত করেছেন সৌগত রায়। তাঁর দাবি, সবটাই হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button