রাজ্য

প্রশান্ত কিশোর আমাদের ভাগ্যবিধাতা নন, বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ অধীরের

প্রশান্ত কিশোর আমাদের ভাগ্যবিধাতা নন, বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ অধীরের - West Bengal News 24

আজ আর খানিকক্ষণ পর এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে বসছেন অ-বিজেপি একাধিক দলের নেতা। তবে কংগ্রেসকে সে বৈঠকে ডাকা হয়নি। ব্যক্তিগতভাবে ডাকা হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বালকে।

গতকালই ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয়েছিল পাওয়ারের। অনেকের মতে ইদানীং যে ভাবে পাওয়ারের দরবারে বারবার পিকে গিয়েছেন তাতে এই বৈঠক তাঁরই মস্তিষ্ক প্রসূত। কিন্তু কংগ্রেসকে এই বৈঠকে না ডাকার বিষয়টিকে আমলই দিতে চাইলেন না লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।

এদিন অধীরবাবুর সঙ্গে দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রশান্ত কিশোর কি ভাগ্যবিধাতা নাকি? তিনি অন্যদের ভাগ্য বিধাতা হতে পারেন। কংগ্রেসের নন।’ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ আরও বলেন, এই বৈঠক নিয়ে এখনই কোনও মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তেমন হলে এআইসিসি কংগ্রেসের অবস্থান জানাবে।’ অধীরবাবুর কথায়, ‘সমস্ত বিজেপি বিরোধী দল যে এই বৈঠকে ডাক পেয়েছে বা যাচ্ছে এমনও নয়। সুতরাং এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

মহারাষ্ট্রে যে জোট সরকার চলছে সেখানে শিবসেনা, এনসিপির সঙ্গে কংগ্রেসও রয়েছে। মহারাষ্ট্র নির্বাচনের পর যে টানটান নাটক হয়েছিল তা এখনও টাটকা। কাক পাখি ডাকার আগে রাজভবনে গিয়ে দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পাওয়ারের শপথগ্রহণের সেই রোমহর্ষক মুহূর্ত কে ভুলতে পারে। কিন্তু তারপর দেখা গিয়েছিল মারাঠা স্ট্রংম্যান পাওয়ারের দৌত্য।

প্রবীণ নেতাই হয়ে উঠেছিলেন বাজিরাও। কিন্তু যখন অনেকেই বলছেন এই বৈঠক আসলে ২৪-এর সলতে পাকানোর শুভমহরত্‍, তখন সেখানে ব্রাত্য রাখা হল কংগ্রেসকে। বামেদেরও সে ভাবে ডাকা হয়নি। কারও কারও দাবি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাকে পাওয়ার ডেকেছেন। কিন্তু এ ব্যাপারে স্পষ্ট করে এই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে সিপিএম এ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দিতে চাইছে না।

ঘরোয়া আলোচনায় নেতারা বলছেন, ভারতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় আনা বাম-কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়। তাঁদের বক্তব্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেসের যে ধারাবাহিকতা রয়েছে তা আর কোনও দলের নেই।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button