রাজ্য

রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু ৩২

রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু ৩২ - West Bengal News 24

রাজ্যে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ গত ২৪ ঘন্টায় আরও নিম্নমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা আটেরশো’র নিচে নেমে এল। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১ হাজার ৭৬১ জন। তবে আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যু বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩২ জন। স্বস্তি দিচ্ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হ্রাস ও সুস্থতার হার বৃদ্ধির পরিসংখ্যান।

গত কয়েকদিন ধরেই রাজ্যে কড়া বিধিনিষেধের সুফল মিলতে শুরু করেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন ২১ হাজারের গণ্ডি থেকে দু’হাজারের গণ্ডির নিচে এসে দাঁড়িয়েছে, তেমনই মৃতের সংখ্যাও চল্লিশের গণ্ডির নিচে নেমেছে। যে কারণে সোমবার রাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলেও বেশ কিছু ক্ষেত্রে কড়া বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন বাদ দিয়ে গণপরিবহণ ব্যবস্থার অধিকাংশই চালুর অনুমতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের বেশ কয়েক ঘন্টা বাদে এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনার দৈনিক বুলেটিন অনেকটাই স্বস্তি দিয়েছে। বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৫০ হাজার ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় এক হাজার ৭৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫২ শতাংশে। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৬ হাজার ৭১০ জনে।’

তবে দৈনিক সংক্রমিতের সংখ্যা আগের দিনের তুলনায় কমলেও দৈনিক মৃত্যু সামান্য বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ৩২ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৭ হাজার ৬৪৪ জন। মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৩ জন। এ নিয়ে করোনা জয়ীর সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৫৭ হাজার ৪৮৬ জনে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৮ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৮০ জনে।’

গত ২৪ ঘন্টায় কলকাতা মহানগরীতে নতুন করে আরও ১৬৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭ জন। রাজ্যে করোনার সংক্রমণে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৬ জনের। মৃত্যু হয়েছে ৯ জনের। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক শনাক্তের সংখ্যা একশোর নিচে নেমে এসেছে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button