জাতীয়

‘উত্তরপ্রদেশ যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে সত্যিই তা অভূতপূর্ব’ : মোদী

‘উত্তরপ্রদেশ যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে সত্যিই তা অভূতপূর্ব’ : মোদী - West Bengal News 24

কোভিড অতিমহামারীর মোকাবিলা নিয়ে গত কয়েক মাসে প্রবল সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। বৃহস্পতিবার বারাণসীতে গিয়ে সব সমালোচনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি পরিষ্কার বলেছেন, উত্তরপ্রদেশ যেভাবে কোভিডের দ্বিতীয় ওয়েভ মোকাবিলা করেছে, তার তুলনা হয় না।

দ্বিতীয় ওয়েভ যখন তুঙ্গে, তখন উত্তরপ্রদেশে দৈনিক ৩০ হাজার মানুষ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। প্রথম ওয়েভে আক্রান্ত হয়েছিলেন সর্বোচ্চ ৭০১৬ জন। কিন্তু প্রধানমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ যেভাবে অতিমহামারীর মোকাবিলা করেছে তা ‘প্রশংসনীয়’। মোদীর কথায়, ‘উত্তরপ্রদেশ দৃঢ়ভাবে অতিমহামারীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হিসাবে উত্তরপ্রদেশ যেভাবে করোনার মোকাবিলা করেছে, তা প্রশংসনীয়।’

উত্তরপ্রদেশের স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কোভিড যোদ্ধাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই রাজ্যেই সর্বাধিক সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।’ কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৮৯ লক্ষ মানুষ টিকা নিয়েছেন। মোদী বলেন, ‘এরাজ্যের করোনা যোদ্ধাদের আমি ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে যাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে নানাভাবে সাহায্য করেছেন, তাঁরাও প্রশংসার যোগ্য।’

বুধবারই সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চায়, করোনা অতিমহামারীর মধ্যে কানওয়ার যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে কেন? মঙ্গলবারই যোগী আদিত্যনাথ সরকার কানওয়ার যাত্রার অনুমতি দেয়। সরকার বলে, অন্যবার প্রভু শিবের আরাধনার জন্য হাজার হাজার মানুষের ভিড় হয়। কিন্তু এবার যথাসম্ভব কম তীর্থযাত্রী নিয়ে কানওয়ার যাত্রা অনুষ্ঠিত হবে।

তীর্থযাত্রীরা আরটি-পিসিআর টেস্ট করাবেন। রিপোর্ট নেগেটিভ হলে তবেই তীর্থযাত্রায় অনুমতি দেওয়া হবে। এই প্রেক্ষিতে শীর্ষ আদালত বুধবার নিজে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে উত্তরপ্রদেশ সরকারকে জিজ্ঞাসা করে, এখন তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয়েছে কেন? এর আগে এপ্রিলের মাঝামাঝি হরিদ্বারে অনুষ্ঠিত হয় কুম্ভমেলা।

দেশ জুড়ে যখন করোনার দ্বিতীয় ওয়েভ তুঙ্গে, তখন হরিদ্বারে পুণ্যস্নানের জন্য ভিড় করেন হাজার হাজার তীর্থযাত্রী। বিশেষত শাহী স্নান উপলক্ষে প্রায় এক লক্ষ মানুষ গঙ্গায় পুণ্যস্নান করেন। কোভিড বিধি সম্পূর্ণ লঙ্ঘন করে ওই বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়। পুণ্যার্থীরা প্রায় কেউই মাস্ক পরেননি। সামাজিক দূরত্বও বজায় রাখেননি।

পুণ্যার্থীদের মধ্যে ছিলেন কয়েক হাজার সাধু। তাঁরা ১৩ টি আখড়ার প্রতিনিধিত্ব করছিলেন। মেলা প্রাঙ্গণে উত্তরাখণ্ড সরকার থেকে পোস্টার দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, ‘দাওয়াই ভি কড়াই ভি’। অর্থাত্‍ কোভিডের প্রতিষেধক নিতে হবে। সেই সঙ্গে কোভিড বিধিও মেনে চলতে হবে। কিন্তু পুণ্যার্থীরা অনেকে বলেছিলেন, মেলার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য কোভিড বিধি মেনে চলা সম্ভব নয়।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button