
রাজ্যজুড়ে এখনও জারি রয়েছে বিধিনিষেধ। রাত ৯ টার পর শহরে নাইট কার্ফু শুরু হয়ে যায়। তাই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং করে পুলিশ। রাত ৯ টার পর গাড়ি করে ফিরছিলেন কুণাল ঘোষ। আর ঠিক তখনই লাউডন স্ট্রিট-পার্কস্ট্রিট ক্রসিংয়ে পুলিশের নাকা চেকিংয়ে আটকায় কুণাল ঘোষের গাড়ি। এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, ‘কাজ ছিল তাই অফিস গিয়েছিলাম। সেখান থেকেই ফিরছিলাম।
আমি নিজের ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যেতে পারতাম কিন্তু তা করিনি। সাধারণ মানুষের মতোই আমিও অপেক্ষা করছিলাম। পুলিশ আধিকারিকরা খুব ভালো কাজ করছে। আমি সবাইকে অনুরোধ করছি পুলিশের সঙ্গে সহযোগিতা করে চলবেন।’ প্রসঙ্গত, শহরজুড়ে প্রতিদিনই নাইট কার্ফু শুরু হয়ে যায় রাত ৯ টার পর থেকে। পুলিশি নজরদারি বেড়ে যায় তখন থেকে।
পার্ক সার্কাস ইস্ট ট্রাফিক গার্ড ওসির নেতৃত্বে বেনিয়াপুকুর থানা এলাকার পার্ক সার্কাস ৭ পয়েন্ট, শেক্সপিয়ার সরণি থানার সামনে, পার্ক স্ট্রিট, লাউডনস্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রবিবারের রাতে বিশেষ নাকা চেকিং চালানো হয়। গাড়িগুলি আটকে জিজ্ঞাসা করা হয় কোথা থেকে আসছেন, কেন বেরিয়েছেন পথে, গাড়ির চালকের লাইসেন্সগুলি খতিয়ে দেখা হয়। অসঙ্গতি দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।
সূত্র : আজকাল



