জাতীয়

‘বাংলার জন্য আরও টিকা চাই,’ মোদীকে বললেন মমতা

‘বাংলার জন্য আরও টিকা চাই,’ মোদীকে বললেন মমতা - West Bengal News 24

মঙ্গলবার বিকেলে আধঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মমতা ব্যানার্জি। বৈঠক শেষে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। জানালেন, আজকের সাক্ষাত্‍ ছিল সৌজন্যের। তবে তার মধ্যেও একাধিক বিষয় উত্থাপন করেছেন বলে জানালেন। বিশেষ করে টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা।

তিনি বলেন, ‘কোভিড নিয়ে কথা হয়েছে। যে টিকা ও ওষুধ তিনি পাঠিয়েছিলেন, জনসংখ্যার তুলনায় তা অনেক কম। অন্য রাজ্যকেও দেওয়া হোক তাতে কোনও আপত্তি নেই, কিন্তু আমাদের জনসংখ্যা অনুযায়ী অনেক রাজ্যের থেকে কম পেয়েছি। তৃতীয় ঢেউ আসার আগে যাতে টিকাকরণ সম্পূর্ণ করা যায়, সেই অনুরোধ করেছি।’ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়েও মোদির কাছে দরবার করেছেন মমতা।

তিনি জানালেন, ‘বিষয়টা অনেকদিন ধরে পড়ে আছে, তাই প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি দেখবেন বলেছেন।’ মোদি কী বললেন, সেকথা জানতে চাইলে মমতা বলে দেন, ‘প্রধানমন্ত্রী কী বললেন তা আমার বলা ঠিক হবে না।’ কথা বলার ফাঁকেই বার বার সাংবাদিকদের মুকুল রায়ের বাসভবনে উঠে আসতে বললেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃষ্টির তেজ বাড়লে তিনি সবাইকে বলেন, ‘বৃষ্টি ভিজবেন না, ঠান্ডা লেগে জ্বর হয়ে যাবে। আপনাদের তো বলেছিলাম মুকুলের বাড়িতে আসতে।’

রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা ছিল মমতার। কিন্তু তিনি জানালেন, টিকার দুই ডোজ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে। এই কারণেই বৈঠক নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য