
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বিশিষ্ট শিল্পী সুবীর বিশ্বাসের স্টুডিয়ো পরিদর্শন করলেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। রবিবার রাতে বিরবাহা ও তাঁর মা চুনিবালা হাঁসদা ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরায় সুবীরের আমন্ত্রণে তাঁর স্টুডিয়োতে গিয়েছিলেন। স্লেট খোদাই করে বিরবাহার একটি প্রতিকৃতি তৈরি করেছেন সুবীর। সেটি এদিন বিরবাহাকে উপহার দেন তিনি। অরণ্যশহরের সুবীর বিশ্বাস তাঁর শিল্পকর্মের দৌলতে সারা দেশে খুবই পরিচিত মুখ।
বছর তিপান্নোর সুবীর মূলত লেখার স্লেট খোদাই করে ফুটিয়ে তোলেন নানা প্রতিকৃতি ও ছবি। সূক্ষ্ম নরুন ও সূক্ষ্ম বাটালি দিয়ে স্লেট খোদাই করেন তিনি। সুবীরের শিল্পকর্ম দেশে-বিদেশে সমাদর পেয়েছে। তাঁকে নিয়ে তৈরি হয়েছে তিনটি তথ্যচিত্রও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, সুরকার সুপর্ণকান্তি ঘোষ, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, সুরকার কল্যাণ সেন বরাটের মতো বহু বিশিষ্টজনের স্লেট খোদাই পোট্রেট বানিয়ে তাঁদের সেগুলি উপহার দিয়েছেন সুবীর। এবার সেই তালিকায় জুড়ল বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার নাম।
মুখ্যমন্ত্রীও সুবীরের শিল্পকর্মের প্রশংসা করেছিলেন। সুবীরকে অবশ্য ঝাড়গ্রামবাসী ‘কচি’ নামেই বেশি চেনেন।



