জাতীয়

বিহার ভোটের আগেই তুঙ্গে বিতর্ক ‘সেনাকেও নিয়ন্ত্রণ করে ওই ১০ শতাংশ’ মন্তব্যে রাহুলকে নিশানা বিজেপির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rahul Gandhi : বিহার ভোটের আগেই তুঙ্গে বিতর্ক ‘সেনাকেও নিয়ন্ত্রণ করে ওই ১০ শতাংশ’ মন্তব্যে রাহুলকে নিশানা বিজেপির - West Bengal News 24

বিহার বিধানসভা ভোটের আগে সেনা প্রসঙ্গ টেনে মন্তব্য করে নয়া বিতর্কে জড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রথম দফার ভোটের আর মাত্র দু’দিন বাকি থাকতে রাজ্যের এক প্রচারসভা থেকেই তিনি ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগে স্পষ্ট আক্রমণের সুর “দেশের জনসংখ্যার ৯০ শতাংশ দলিত, মহাদলিত, পিছড়া বর্গ, অতি পিছড়া বর্গ বা সংখ্যালঘু। অথচ, দেশের সব সংস্থা, সব সম্পদের নিয়ন্ত্রণ বাকি ১০ শতাংশের হাতে। এমনকী সেনাকেও নিয়ন্ত্রণ করে ওই ১০ শতাংশ।” রাহুলের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই পালটা সরব বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন “এবার সেনাতেও জাতপাত খুঁজবেন।”

জাতিগত গণনার দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাহুল। লোকসভা ভোটের আগেও তিনি এই ইস্যুতেই গুরুত্ব দিয়েছিলেন। বিহারের ভোটেও তিনি ফের তুলে ধরছেন ‘মণ্ডল রাজনীতি’। এবং সেই প্রক্রিয়াতেই এই মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি। রাহুল গান্ধী বলেন, “আপনি যদি দেশের সেরা ৫০০ সংস্থার শীর্ষকর্তাদের তালিকা তৈরি করেন, তাহলে দেখবেন সেই তালিকায় একজনও দলিত বা আদিবাসীর নাম নেই। সবাই উপরতলার ওই ১০ শতাংশের প্রতিনিধি। সব চাকরি ওরাই পায়। এমনকী সশস্ত্র বাহিনীও ওদের নিয়ন্ত্রণে। বাকি ৯০ শতাংশের প্রতিনিধিত্ব কোথাও নেই।”

রাহুলের বক্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিজেপি শিবিরে। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ “রাহুল গান্ধী ফের সীমা লঙ্ঘন করলেন। মোদির প্রতি ওঁর ঘৃণা আগেই দেশের প্রতি ঘৃণায় পরিণত হয়েছিল। এবারে সেনার অদরেও জাতপাত খুঁজছেন রাহুল।” উল্লেখ্য, সেনা নিয়ে মন্তব্য করে আগেও বিতর্কে পড়েছেন কংগ্রেস নেতা। আইনি জটিলতায় জড়ানোর পাশাপাশি রাজনৈতিকভাবেও তার মূল্য দিতে হয়েছে তাঁকে। বিহার নির্বাচনের ঠিক আগমুহূর্তে লোকসভার বিরোধী দলনেতার এই মন্তব্য মহাজোটের ভাবমূর্তিতে বড়সড় চাপ ফেলতে পারে রাজনৈতিক মহল তাইই মনে করছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য