মন্ত্রিসভার সিদ্ধান্তে বড় বদল, মাদার ডেয়ারি যুক্ত হল বাংলার ডেয়ারির সঙ্গে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মাদার ডেয়ারির সঙ্গে একীভূত হতে চলেছে বাংলার ডেয়ারি। এই সংযুক্তির ফলে ‘মাদার ডেয়ারি’ নামে আর আলাদা কোনও ব্র্যান্ড থাকছে না। নতুন করে সমস্ত পণ্য বাজারে আসবে বাংলার ডেয়ারি নামেই। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য Chandrima Bhattacharya। তিনি বলেন, “মাদার ডেয়ারি ক্যালকাটা এবং বাংলার ডেয়ারির নাম শুনেছেন। মাদার ডেয়ারির পুরোটা বাংলার ডেয়ারির সঙ্গে মার্জার হল। এবার থেকে বাংলার ডেয়ারি হিসাবে পাওয়া যাবে। আজ থেকে মাদার ডেয়ারির কোনও অস্তিত্ব থাকবে না।”
ওই বৈঠকেই রাজ্যের বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের দু’টি জায়গায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি কেন্দ্রের ক্ষমতা হবে ৮০০ মেগাওয়াট, অর্থাৎ মোট ১,৬০০ মেগাওয়াটের নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট গড়ে তোলা হবে। এই প্রকল্পের জন্য আগামী ২৫ বছরের জন্য জমি বরাদ্দ করা হবে, প্রয়োজনে মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হতে পারে।
মন্ত্রিসভার বৈঠকে ওয়্যারহাউস সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, “নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ব্যবসায়ী সম্মেলনে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলেছিল। আমরা ১১.৩৫ একর জমি সিলিং সারপ্লাস ছিল। সেটা রিজিউম করে নিয়ে আবার ভেস্ট করে যে টুকুটাকা দেওয়ার তা দেওয়া হল। অ্যামাজন এবং ফ্লিপকার্টের ওয়ারহাউসিংয়ের জন্য।”
রাজ্যে শিল্পোন্নয়নকে আরও গতি দিতে হাওড়ার অঙ্কুরহাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডোমজুড়ে ২০,৮৪,২৬ বর্গফুট জমি বরাদ্দ করা হবে। এর পাশাপাশি ০.৫ একর জমিতে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিলড ডিপার্টমেন্টের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যার কাজ করবে ডব্লিউবিআইডিসি। এছাড়া ৩০.৪২ একর জমিতে চারটি প্লট তৈরি করা হবে। শিল্প পার্কের জন্য পানাগড়ে ১.৩৭ একর ও ২.৭৭ একর জমি হরিণঘাটাকে দেওয়া হয়েছে। জঙ্গলসুন্দরী কর্মনগরীর জন্য ১১৫ একর জমি বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।



