রাজ্য

শুভেন্দু সরকারের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! দুর্নীতির অভিযোগে ৪ শীর্ষ সরকারি আধিকারিক সাসপেন্ড

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুভেন্দু সরকারের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! দুর্নীতির অভিযোগে ৪ শীর্ষ সরকারি আধিকারিক সাসপেন্ড - West Bengal News 24

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপের পর এবার চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে বড় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান-চাল বণ্টন, ত্রিপল বিতরণ এবং বালি সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগে তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ধান সংগ্রহ এবং চাল সরবরাহ সংক্রান্ত কাজে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই সময় রাজ্যে তৃণমূল সরকারের আমলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে উঠে আসে, সরকারি ভাবে সংগ্রহ করা ধানের বিপরীতে সমপরিমাণ চাল একাধিক রাইস মিল থেকে গ্রহণ করা হয়নি। পাশাপাশি তদারকির ক্ষেত্রেও গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানা যায়।

আরও পড়ুন :: লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কমাতে বড় উদ্যোগ, রাজ্যজুড়ে শতাধিক আন্ডার ও ওভার ব্রিজ চালু পূর্ব রেলের

এই ঘটনার জেরে খাদ্য দপ্তরের দুই আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে অনিয়মে জড়িত থাকার অভিযোগে কয়েকটি রাইস মিলের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।

অন্যদিকে, বিপর্যয় মোকাবিলা দপ্তরেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ত্রিপল বিতরণে হিসাব সংক্রান্ত অসঙ্গতি এবং অন্যান্য অনিয়মের অভিযোগে ওই দপ্তরের এক শীর্ষ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে একাধিক গরমিল ধরা পড়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়াও বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এক বিএলআরও-র বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে সরকার। তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের সত্যতা মিলেছে বলে সূত্রের দাবি। সেই কারণেই সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ। ভবিষ্যতেও অনিয়মের অভিযোগে দোষীদের বিরুদ্ধে একই ধরনের কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন ::

Back to top button