
ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করে চলেছেন মদন মিত্র। এমনকি অভিষেককে ‘ক্রিমিনাল’ ও ‘খুনি’ বলেও গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের জেরে মদনের বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন ডায়মন্ড হারবারের সাংসদ। মানহানির অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে কামারহাটির বিধায়ককে আইনি নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি তিন দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে।
অভিষেকের আইনজীবীর তরফে এদিন মদনকে ওই আইনি নোটিস পাঠানো হয়। নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই ফেসবুক লাইভে এসে অভিষেককে নিয়ে মানহানিকর মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক। ওই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং তার ফলে ডায়মন্ড হারবারের সাংসদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন :: বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তিই হাতিয়ার শুভেন্দুর সরকারের, চালু ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ, নিয়োগে নয়া নিয়ম
এই কারণেই নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে অভিষেককে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মদনকে। নোটিসে আরও জানানো হয়েছে, ক্ষতিপূরণের ওই অর্থ একটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূলের যেসব নেতা-কর্মী বিভিন্ন মামলায় জড়িয়েছেন, তাঁদের আইনি লড়াইয়ের খরচ বহনে সেই অর্থ ব্যবহার করা হবে।
আইনি নোটিস অনুযায়ী, ক্ষতিপূরণের অর্থ দেওয়ার পাশাপাশি লিখিত বিবৃতি এবং ভিডিয়ো বার্তার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মদনকে। নোটিস হাতে পাওয়ার তিন দিনের মধ্যে তিনি ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এখন এই নোটিসের প্রতিক্রিয়ায় মদন কী বলেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত, ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পর গত ১৯ জুলাই ফেসবুক লাইভে অভিষেককে নিশানা করে মদন বলেছিলেন, “অভিষেক আপনি তো ক্রিমিনাল। আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করেন। অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার।”
অভিষেককে আক্রমণ করে তিনি আরও বলেছিলেন, “একটা কথা অভিষেককে বলি। আমাকে চমকে-ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার গিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। কয়েকদিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল। গুলি চালিয়েছে। আমি এগুলোকে পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি আপনারা যা বলছেন বলুন। আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে। মদন মিত্র চমকাবে না।”



