
দেশে গত কয়েক দিন ধরে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের বেশি। মৃত্যুর মিছিল জারি। এর জের পড়ছে অর্থনীতিতে। শুধু এপ্রিলেই কাজ হারিয়েছেন ৭০ লক্ষ মানুষ। এবার তাই সক্রিয় হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করলেন। তার পরেই সেনসেক্স উঠেছে ২০০ পয়েন্ট।
শক্তিকান্ত দাস প্রথমেই জানিয়ে দিলেন, ‘কোভিডের বিরুদ্ধে ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতার ওপর আস্থা রয়েছে।’ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিস্থিতির ওপর নজর রাখছে। তার পরেই বড়সড় সাহায্য ঘোষণা করলেন গভর্নর। বললেন, টিকা উত্পাদনকারী সংস্থাকে ঋণ দিতে, অক্সিজেন এবং ভেন্টিলেটর জোগান দিতে ৫০ হাজার কোটি টাকা দেবে আরবিআই। ২০২২ সালের মার্চ পর্যন্ত এই দেওয়া হবে এই টাকা।
এছাড়াও আরও একগুচ্ছ আশ্বাস দিলেন দাস। বললেন, কোভিড পরিস্থিতিতেও কী ভাবে ব্যবসা-বাণিজ্য় চালু রেখে দেশের আয় ধরে রাখা যায়, তা দেখবে আরবিআই। বর্ষা এলে চাষবাসে কাঙ্ক্ষিত বৃদ্ধি ঘটার সুযোগ তৈরি হবে। পরিস্থিতির ওপর নজর রাখছে আরবিআই। এই কাজে নিজেদের সমস্ত হাতিয়ার কাজে লাগিয়েছে। বাড়িতে বসে তাদের অন্তত ২০০ জন এই নিয়ে কাজ করছেন। দুর্বল ক্ষেত্রগুলিকে চাঙ্গা করার জন্য ব্যাঙ্কগুলো ইনসেনটিভ দেবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে আরবিআই কিছু কিছু সুবিধার কথা ঘোষণা করেছে।
সূত্র : আজকাল



