‘সম্পূর্ণ লকডাউনের পক্ষে নই’, করোনাবিধি আরও কঠোর করলেন মুখ্যমন্ত্রী

উত্তর ও পশ্চিম ভারতের একাধিক রাজ্য লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে। কিন্তু সে পথে হাঁটতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা পুরোপুরি লকডাউন চাই না। লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো সাধারণ মানুষকে আচরণ করতে হবে।
কারণ লকডাউন ঘোষিত হলে সাধারণ মানুষের অসুবিধা হবে। দরিদ্র মানুষ না খেতে পেয়ে মারা যাবেন, সেটা আমরা চাই না।” মমতা এদিন উদাহরণ দিয়ে বলেন, যেমন লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে, জুট শিল্পে ৩০ শতাংশ শ্রমিক কাজ করছেন, সে ভাবেই এটা করতে হবে। মুখ্যমন্ত্রী আবেদন করেন, ইদের প্রার্থনা সভা যাতে ছোট ছোট করে করা হয়।
গত বারের মতো এবারও রেড রোডে নামাজ হবে না বলে সরকারকে জানিয়েছে কমিটি। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের জন্য রেড রোডের নামাজ কমিটিকে ধন্যবাদ জানান। সাংবাদিক বৈঠকের পর নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন সমস্ত মসজিদ কমিটিকে অনুরোধ করা হবে যাতে ছোট করে ইদের প্রার্থনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আনন্দ করতে গিয়ে অসুখ যেন না হয়। কারণ অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যতটা সম্ভব জোগাড় করা হচ্ছে।’
সূত্র:দ্য ওয়াল



