করোনা চিকিত্সার ওষুধ নিয়ে কালোবাজারি! রাজ্যগুলিকে ‘নির্মম’ পদক্ষেপ নিতে হবে বলে জানায় কেন্দ্র

এই মহামারী পরিস্থিতিতে যাঁরা ওষুধপত্রের কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে ‘নির্মম’ পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে। কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ‘মানুষের বিপন্নতা নিয়ে ব্যবসা’ করা চলবে না। আজ, সোমবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতিকে এমনটাই জানাল কেন্দ্র।
কেন্দ্র এদিন আদালতে জানায়, ডিজিসিআই অর্থাত্ ড্রাগ কনট্রোলারের তরফে সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে, ওষুধ নিয়ে কালোবাজারি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতর এবং কর্মীরা যাতে যথেষ্ট কড়া হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
পাশাপাশি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফেও রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে। কেন্দ্র এদিন তার সওয়ালে সুপ্রিম কোর্টকে জানায়, ‘পুলিশ, রাজ্য প্রশাসনকে যৌথভাবে নজর রাখতে বলা হয়েছে কালোবাজারির দিকটি। বিশেষ টিম মোতায়েন করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। সমস্ত স্তরেই বিষয়টি লক্ষ্য রাখা হবে।’ ইতিমধ্যেই দেশে ১৫৭টি এমন এফআইআর ও মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্র।
এপ্রিল মাসের ৩০ তারিখে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল, এই সময়ে কোভিডের ওষুধ এবং অক্সিজেন নিয়ে কালোবাজারি কর অর্থ মানুষের অসহায় অবস্থার সুযোগ নেওয়া। এর চেয়ে বড় অপরাধ আর হয় না। এর পরেই এ বিষয়ে বিশেষ টিম তৈরি করে নজরদারি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আজ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে সেই বিষয়েই রুজু হওয়া এক মামলার শুনানি চলাকালীন নিজেদের সপক্ষে সওয়াল করে কেন্দ্র জানায়, কড়া অবস্থানের কথা ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার কথা।
সূত্র:দ্য ওয়াল



