জাতীয়

দেশের বাজারে সবচেয়ে কম দামে টিকা আনতে চলেছে বায়োলজিক্যাল ই, দুটি ডোজ ৫০০ টাকা

দেশের বাজারে সবচেয়ে কম দামে টিকা আনতে চলেছে বায়োলজিক্যাল ই, দুটি ডোজ ৫০০ টাকা - West Bengal News 24

ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পরে দেশের তৈরি দ্বিতীয় টিকা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োলজিক্যাল ই সম্পূর্ণ দেশীয় ফর্মুলায় বানিয়েছে এই ভ্যাকসিন। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বাজারে অন্যান্য কোভিড ভ্যাকসিনের চেয়ে অনেক কম দামে এই টিকা নিয়ে আসা হবে। দুটি ডোজ মিলিয়ে দাম পড়বে ৫০০ টাকা। বায়োলজিক্যাল ই-র তৈরি ভ্যাকসিনের নাম কর্বেভ্যাক্স। এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

সেফটি ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক হলে ডিসেম্বরের মধ্যেই টিকা বাজারে চলে আসতে পারে। তার আগেই ৩০ কোটি ডোজের জন্য দেড় হাজার কোটি টাকা সংস্থাকে অগ্রিম দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অগস্ট থেকে ভ্যাকসিনের উত্‍পাদন শুরু করে দেবে বায়োলজিক্যাল ই। ডিসেম্বরের মধ্যে টিকার ৩০ কোটি ডোজ চলে আসতে পারে দেশের বাজারে।

১৯৫৩ সালে হায়দরাবাদে তৈরি হয়েছিল এই বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। দেশের সবচেয়ে পুরনো বেসরকারি বায়োলজি ফার্মগুলির একটি। বিশ্বের বাজারে ভ্যাকসিন সরবরাহ করে দেশের এই সংস্থা। কোভিড ভ্যাকসিন তৈরি করা শুরু করেছে গত বছর মার্চ মাস থেকেই। রিকম্বিন্যান্ট প্রোটিন দিয়ে ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে বায়োলজিক্যাল ই।

ভারত বায়োটেকের পাশাপাশি বায়োলজিক্যাল ই-র তৈরি ভ্যাকসিনেও শুরু থেকেই গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিজেদের ফর্মুলায় তৈরি করোনার ভ্যাকসিনের পাশাপাশি জনসন অ্যান্ড জনসনের সঙ্গেও যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরি করছে এই সংস্থা। বস্তুত, দেশের বাজারে এখন যে তিন টিকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে কম দাম হবে বায়োলজিক্যাল ই-র তৈরি ভ্যাকসিনের।

সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার দুটি ডোজে দাম রাজ্য সরকারের জন্য ৬০০ টাকা, বেসরকারি হাসপাতালগুলির জন্য ১২০০ টাকা। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দুটি ডোজ সরকারি ও বেসরকারি ক্ষেত্রের জন্য যথাক্রমে ৮০০ ও ২৪০০ টাকা। রুশ টিকা স্পুটনিক ভি দেওয়া শুরু হয়েছে দেশে। বেসরকারি হাসপাতালগুলি থেকেই পাওয়া যাচ্ছে স্পুটনিক ভি। এই টিকার একটি ডোজের দাম জিএসটি মিলিয়ে ৯৯৫ টাকা।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button