জাতীয়

৭২ দিনে করোনার সর্বনিম্ন সংক্রমণ দেশে, দৈনিক আক্রান্ত নেমে এল ৭০ হাজারে

৭২ দিনে করোনার সর্বনিম্ন সংক্রমণ দেশে, দৈনিক আক্রান্ত নেমে এল ৭০ হাজারে - West Bengal News 24

করোনার দ্বিতীয় ঢেউ-এর পরিস্থিতি স্বাভাবিকের দিকে। সংক্রমণের গ্রাফ একটানা বেশ কয়েকদিন নিম্নমুখী। যে কারণে কোনও কোনও রাজ্যে লকডাউন শিথিলও করা হচ্ছে। চিকিত্‍সকদের দুশ্চিন্তা কমিয়ে গত ২৪ ঘণ্টায় শেষ ৭২ দিনে ভারতে সর্বনিম্ন করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন।

তথ্য অনুযায়ী চলতি বছরের পয়লা এপ্রিলের পর ফের এতটা কমল দৈনিক সংক্রমণ। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ। সংক্রমণের পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮। সংক্রমণ এবং সক্রিয় রোগীর সংখ্যা কমলেও, শঙ্কা বাড়াচ্ছে দেশের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারালেন ৩ হাজার ৯২১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় বলি মোট ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জন। কয়েকদিন ধরেই সংক্রমণ কমলেও, মৃত্যুর হার বাড়ায় রীতিমতো দুশ্চিন্তা বাড়াচ্ছে চিকিত্‍সকদের।

বিভিন্ন রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করছেন বিশেষজ্ঞরাও। দেশে মৃত্যুর হারে এগিয়ে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১ জনের মধ্যে ২ হাজার ৭৭১ জন মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তামিলনাড়ুতে ২৬৭, কর্নাটকে ২০৬, অন্যান্য রাজ্যগুলিতে ১০০ কাছাকাছি মৃতের সংখ্যা। তৃতীয় তরঙ্গের আগে টিকাকরণের প্রতি বিশেষ করে জোর দিচ্ছে সরকার। এখনও পর্যন্ত ভারতে মোট ২৫ কোটি ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জনের টিকাকরণ হয়েছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button