রাজ্য

সাধারণ যাত্রীর জন্য এখনই লোকাল ট্রেন নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাধারণ যাত্রীর জন্য এখনই লোকাল ট্রেন নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী - West Bengal News 24

করোনার লাগামছাড়া সংক্রমণ দমনে ও লকডাউন চালু হওয়ার ফলে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। বিগত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে ট্রেন চালানোর জন্য বিক্ষোভে সামিল হয়েছেন যাত্রীরা। ট্রেন চালুর দাবিতে বৃহস্পতিবার সকালেও ফের বিক্ষোভের ঘটনা ঘটে সোনারপুরে। তবে কি বিক্ষোভের জেরে বাংলায় কি চালু হবে লোকাল ট্রেন? বাংলায় ১লা জুলাই পর্যন্ত জারি রয়েছে বিধিনিষেধ। কিন্তু ১লা জুলাইয়ের পর লোকাল ট্রেন শুরু হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

রাজ্যে লোকাল ট্রেন চালু করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোনারপুরে রেল অবরোধ প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি বলেন, “এখন রেল চালালে করোনার সংক্রমণ আরও বাড়বে। এখন তো অনেক অফিসই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা করে দিয়েছে। সবজি বা বাজারের মাছ মাংস বিক্রেতারা গাড়ি ভাড়া করে বাজারে আসছেন।” মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে একথা পরিষ্কার যে, করোনা মোকাবিলায় বাংলায় এখনই গড়াচ্ছে না ট্রেনের চাকা।

অন্যদিকে, বাংলায় অবিলম্বে লোকাল ট্রেন চালানোর আর্জি জানিয়ে আজই রাজ্যকে ফের চিঠি পাঠিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এবিষয়ে বলেন, ” বর্তমানে দেশের যা আর্থিক পরিস্থিতি তাতে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে সম্পূর্ণ লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করার আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। এখন ওঁরা কী জানান, তার উপর নির্ভর করছে। রাজ্যের সবুজসংকেত মিললেই লোকাল ট্রেন চালু করা হবে।”

প্রসঙ্গত, লোকাল ট্রেন পরিষেবা ফের চালু করার বিষয়ে আগেও পদক্ষেপ করেছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। কবে থেকে লোকাল ট্রেন ফের চালু করা হবে, এ প্রশ্নের উত্তর পেতে কার্যত মুখিয়ে রয়েছেন ‘দিন আনা দিন খাওয়া’ নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে আগেও পরিবহণ সচিবকে চিঠি দিয়েছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফে বলা হয়েছিল, স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হচ্ছে। এর ফলে সংক্রমণের ঝুঁকি রয়েই যাচ্ছে। লোকাল ট্রেন পরিষেবা চালুর বিষয়ে রাজ্য সরকারেরই সিদ্ধান্ত চূড়ান্ত বলেই দাবি করেছিল রেল।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button