
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে বিভিন্ন বিষয়ে সংস্কার আনতে তত্পর হতে দেখা যাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মাকে। জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশাবলির পর এবার অসমে বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভাল নিয়ে সচেতন হলেন, জানিয়ে দিলেন, ছেলেমেয়ে জীবিত থাকা অবস্থায় বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। একমাত্র সন্তান নেই, নিরাশ্রয়দেরই বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে।
অসমের মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘রাজ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে। এ শুভ ইঙ্গিত নয়। সন্তানরা যত বাবা-মায়ের সঙ্গে থাকবে ততই সংস্কার শিখবে। বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো চালু হলে সমাজ ভেঙে পড়বে।’
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, যেসব বৃদ্ধ-বৃদ্ধা নিঃসন্তান, দেখার কেউ নেই তাঁরাই শুধুমাত্র বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন।
বিদেশে চাকরিরত সন্তানরা টাকা পাঠিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে ভর্তি করে দেবে, এসব চলবে না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ‘এসব অসমে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কড়া আইন আনা হবে।’
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যেমন একদিকে প্রশংসা পেয়েছে, অন্যদিকে একাধিক বৃদ্ধাশ্রমের মালিকরা বলছেন এই আইন ন্যায়সঙ্গত নয়। অনেক বাবা-মা-ই স্বাধীনভাবে বাঁচতে বৃদ্ধাশ্রমে থাকতে পছন্দ করেন। বাবা-মায়েদের দেখভাল নিয়ে কিছুদিন আগে সরকারি কর্মীদের জন্য একটি আইন চালু করেছে অসম সরকার। যে সমস্ত সরকারি কর্মীরা বাবা-মায়ের দেখভাল করেন না তাদের বেতনের একটা অংশ সরাসরি বাবা-মায়েদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
সুত্র : আজকাল



