
উত্তরপ্রদেশে ব্লক পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন এক মহিলা। পথে দুই দুষ্কৃতী তাঁর শাড়ি ধরে টানাটানি করে। ওই ঘটনার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, আক্রান্ত মহিলা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সদস্য। লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে লখিমপুর খেরি অঞ্চলে ওই ঘটনা ঘটে।
পুলিশ অফিসার প্রশান্ত কুমার জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্যের অন্তত এক ডজন জায়গায় সংঘর্ষ হয়েছে। আগামী শনিবার ৮২৫ টি ব্লক প্রমুখ পদে নির্বাচন হবে। প্রশান্ত কুমার বলেন, ‘আমরা জানতে পেরেছি, অনেক জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে।’
দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট হবে। পর্যবেক্ষকদের মতে, এবছর পঞ্চায়েত ভোটের ফলাফলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে, বিধানসভা ভোটের ফল কী হতে পারে। সম্প্রতি জেলা পরিষদের নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি।
মোট ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টি দখল করেছে তারা। সমাজবাদী পার্টি জিতেছে মাত্র পাঁচটি আসন। রাষ্ট্রীয় লোকদল ও জনসত্তা দল পেয়েছে একটি করে আসন। জয়ী হয়েছেন এক নির্দলও। মায়াবতীর বহুজন সমাজ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি।
সূত্র : দ্য ওয়াল



