
রোগীর মৃত্যু হলেও, পরিবারের লোকেদের তা জানানো হয়নি। বরং দু’দিন পর্যন্ত মৃতের চিকিত্সা চালিয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার ইসলামপুরের একটি হাসপাতালের অভিযুক্ত চিকিত্সককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, হাসপাতালের বিল বাড়িয়ে নিতেই এই পদ্ধতি অবলম্বন করেছিল ওই চিকিত্সক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত মার্চ মাসের। গত ফেব্রুয়ারিতে ৬০ বছর বয়সী এক মহিলাকে ইসলামপুরের হাসপাতলে ভর্তি করানো হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় রোগীর মৃত্যু হয়েছে। ওই সময় মৃতদেহে শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু তার পরে ডেট সার্টিফিকেট ভালো করে দেখলে দেখা যায়, ওই রোগীর মৃত্যু হয়েছে ৮ মার্চ। তারপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
পুলিশ জানিয়েছে, ঘটনার হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত নেই। বরং দায়িত্বপ্রাপ্ত চিকিত্সকের নির্দেশেই মৃতদেহ দু’দিন আটকে রেখে বিল বাড়িয়ে নেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই অভিযুক্ত চিকিত্সককে। অবশেষে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও জালিয়াতির ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্র : এই মুহুর্তে



