রাজ্য

ব্যাপক সমস্যায় মধ্যবিত্ত, সবজির দাম আরও বাড়ার আশঙ্কা

ব্যাপক সমস্যায় মধ্যবিত্ত, সবজির দাম আরও বাড়ার আশঙ্কা - West Bengal News 24

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসি বন্যা। হু হু করে বাড়ছে সবজির দাম। কারণ জলের তলায় চলে গিয়েছে কৃষি জমি। কোথাও আবার নদীর পাড় ভেঙে বিঘের পর বিঘের জমি জলের তলায়। হেক্টরের পর হেক্টর জমিতে জল, সমস্ত ফসল নষ্ট হয়েছে। আর এই কারণেই বাজারে চড়া দামে বিকোচ্ছে কাঁচা সবজি। অতি বৃষ্টির জেরে লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়েছে। এর সঙ্গে আগের থেকেই যোগ রয়েছে অতিরিক্ত পরিবহন খরচ, কারণ জ্বালানির দাম আকাশছোঁয়া। তাই মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগছে।

এমনিতেই রান্নার গ্যাস-এর দাম বেড়েছে, এর সঙ্গে কাঁচা সবজি অগ্নিমূল্য, দুই মিলিয়ে মধ্যবিত্তের হেঁশেলে আগুন জ্বলছে। পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে দামের পার্থক্য রয়েছে। তাই খুচরো বাজারে বাড়ছে কাঁচা সবজির দাম। তবে এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।

বিভিন্ন মার্কেটেই বিক্রেতারা ও ব্যবসায়ীরা জানাচ্ছে আগামীদিনে কাঁচা সবজির দাম আরও বাড়বে। এই সময়েই পটল, বেগুন, ঝিঙে-এর মত কিছু গ্রীষ্মকালীন ফসলের চাষ হয়। সেগুলি জমিতে রয়েছে। আর সেই জমিতেই হু হু করে ঢুকেছে নদীর জল। যাতে সব পচে গিয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারেনি প্রশাসন।

বাজারে সবজির চাহিদা থাকলেও উত্‍পাদন না হওয়ায় দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পটল কেজি প্রতি ২৫ টাকা ছিল কিছুদিন আগেও। তা এখন হয়েছে ৩০ টাকা কেজি। কুমড়ো দিন কয়েক আগেও দাম ছিল যার ৩০ টাকা কেজি। এখন কুমড়োর দাম হয়েছে ৪৫ টাকা কেজি। বেগুনের দাম বেড়ে হয়েছে ৫০ কোথাও ৬০ টাকা কেজি। দাম বেড়েছে শশা, ঝিঙে, কাঁচা লঙ্কা, লাউ, গাজর, উচ্ছে, বরবটি সহ আরও কিছু সবজির।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button