২ বছরের শিশুর গুলিতে বাবার মর্মান্তিক মৃত্যু, এখন বাবাকে খুঁজছে সে

নিজের বাবাকে দুর্ঘটনাক্রমে গুলি করে হত্যা করেছে ২ বছরের এক শিশু। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সম্প্রচার মাধ্যম ডব্লিউএনসিটি ৯ জানিয়েছে, রোববার এই গুলির ঘটনা ঘটে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
পুলিশ জানিয়েছে, রোববার ২৯ বছর বয়সী মারকোভিয়া ডুরহামের মৃতদেহ উদ্ধার করেন তারা। তার শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ডুরহামের বড় মা ফিলিস হল্যান্ড পুরো ঘটনাটি পুলিশকে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ডুরহাম সোফায় বসেছিল। শিশুটি সোফায় উঠে ডুরহামের পেছন থেকে বন্দুক তোলে। কিন্তু সেটা যে সত্যিকারের বন্দুক ছিল তা জানতো না সে। তারপর খেলনার পিস্তল ভেবে বাবার পিঠের দিকে গুলি চালিয়ে দেয় সে।
হল্যান্ড দাবি করেন, ডুরহাম তার বন্দুক নিয়ে কখনই এমন বেপরোয়া ছিলেন না। বরং তিনি সবসময় দায়িত্বশীল আচরণ করেছেন। ডুরহাম বন্দুক দূরে রাখে। সে বন্দুক দূরে রাখে। কিন্তু ওই মুহূর্তে সে কিছুই চিন্তাভাবনা করেনি।
হল্যান্ড আরও বলেন, সম্প্রতিই ওই বন্দুকটি কিনেছিল ডুরহাম। এ ঘটনার পর একজন প্রতিবেশী বলেন, ওই শিশু এখন ট্রমা নিয়ে বেড়ে উঠবে।
ডুরহামের পরিবার জানিয়েছে, কি ঘটেছে তা পুরোপুরি বুঝতে পারেনি ওই শিশুটি। এখন সে তার বাবাকে খুঁজছে। তার বয়স মাত্র দুই বছর। সে কিছু বুঝতে পারে না।



