পঞ্জশিরে তুমুল সংঘর্ষের খবর দিলেন তালেবান নেতা

কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পরও আফগানিস্তানের পঞ্জশির প্রদেশের দখল নিতে পারেনি তালেবান। এ অঞ্চল দখলে নিতে গোষ্ঠীটিকে স্বীকার না করা মাসুদ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তালেবানের এক নেতার টুইটার পোস্টের বরাতে এ তথ্য জানায়।
তবে স্বাধীনভাবে তার এ দাবি যাচাই করতে পারেনি কাতারভিত্তিক গণমাধ্যমটি।
টুইটারে মোহাম্মদ জালাল লেখেন, গত রাত থেকে পঞ্জশিরে তীব্র লড়াই চলছে। ইতোমধ্যে সরকার ডজনের বেশি চেকপয়েন্ট নিয়ন্ত্রণ নিয়েছে। সকালে তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় একটি চেকপোস্টে আগুন জ্বলছে।
আরো পড়ুন :গভীর রাতে বাড়ি থেকে ৪ ফিলিস্তিনি শিশুকে তুলে নিয়ে গেল ইসরাইল
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি এই পাঞ্জশির। পাঞ্জশিরের অর্থ পাঁচ সিংহ। বলা হয়, দশম শতকে এই প্রদেশে পাঁচ ভাই মিলে বন্যার পানি ধরে রেখেছিল একটি বাঁধ তৈরি করে। গজনির সুলতাম মাহমুদের নির্দেশে সেই বাঁধ তৈরি করা হয়েছিল বলে কথিত আছে। সেই পাঁচ ভাইয়ের সম্মানে এই প্রদেশের নাম হয়ে যায় পাঞ্জশির।
এই প্রদেশ প্রাকৃতিক একটি দুর্গ। চতুর্দিকে হিন্দুকুশের পর্বত। মাঝে একটুকরো সমতল। এই এলাকাতে মোট এক লাখ ৭৩ হাজার মানুষের বাস। অধিকাংশই মানুষই জাতিতে তাজিক। দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে তাজিকদের। মূলত জাতিগতভাবে তারা যোদ্ধা মনোভাবের। সমরবিদ্যাই তাদের প্রধান শক্তি।
আরো পড়ুন :কোনো নারী সদস্যই থাকছে না তালেবানের মন্ত্রিসভায়
এখন পর্যন্ত তালেবানকে শহরের বাইরে রাখতে সক্ষম হয়েছে প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)। যার নেতৃত্বে রয়েছে তালেবানবিরোধী নেতা আহমেদ মাসুদ। ‘পাঞ্জশিরের সিংহ’ বলে পরিচিত প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে তিনি।



