যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ফের নেওয়া হল অতিরিক্ত সতর্কতা, মঙ্গলবার ৭টি বিমানবন্দরে বন্ধ থাকবে বিমান পরিষেবা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মঙ্গলবার জম্মু ও শ্রীনগর-সহ সাতটি স্থানে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। একইভাবে, ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোট থেকে কোনোরকম বিমান পরিষেবা চালু থাকবে না মঙ্গলবার।
‘এক্স হ্যান্ডেল’-এ প্রকাশিত একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার, ১৩ মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে।”
বিমান বাতিল সংক্রান্ত ইন্ডিগোর ঘোষণাও ‘এক্স হ্যান্ডেল’-এ পোস্ট করা হয়েছে। তারা লিখেছে, “বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-কে ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছয় ৭ মে থেকে। পাকিস্তান থেকে লাগাতার ড্রোন হানার জেরে কেন্দ্র ৯ মে একটি বিবৃতি জারি করে যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে। তাতে জানানো হয়, উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলের ৩২টি বিমানবন্দরে ১৪ মে পর্যন্ত বেসামরিক বিমান পরিষেবা বন্ধ থাকবে। সেই তালিকায় ছিল এই সাতটি বিমানবন্দরও।
গত শনিবার পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব এলেও, ভারত তাতে সম্মতি জানায়। সন্ধ্যা ৫টা থেকে কার্যকর হয় সেই যুদ্ধবিরতি। সীমান্ত অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হওয়ার পর, সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেভাগেই নির্দেশ জারি করে ফের ওই ৩২টি বিমানবন্দর চালু করার কথা জানানো হয়। তবে মঙ্গলবার ফের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর তরফ থেকে সাতটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।



