আন্তর্জাতিক

জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, দ্রুত আরোগ্য কামনায় ট্রাম্প

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Joe Biden : জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, দ্রুত আরোগ্য কামনায় ট্রাম্প - West Bengal News 24
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ভয়ংকর ক্যানসার ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, তাঁর প্রস্টেট ক্যানসার ছিল আগেই, যা এখন শরীরের নানা হাড়ে বিস্তার লাভ করেছে। আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, বাইডেনের চিকিৎসা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য, এর আগেও ২০২৩ সালে বাইডেন ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, যদিও তখন অস্ত্রোপচারের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

রবিবার বাইডেনের দফতর এক বিবৃতিতে জানায়, তিনি প্রস্রাবজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। এরপরই তাঁর দেহে একটি প্রস্টেট নডিউল ধরা পড়ে। বর্তমানে রোগটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে তাঁর শরীরে। উন্নত চিকিৎসা পদ্ধতির খোঁজে ব্যস্ত বাইডেনের পরিবার। জানা গিয়েছে, গ্লিসন স্কোর অনুযায়ী বাইডেনের ক্যানসারের মাত্রা ৯— যা অত্যন্ত আশঙ্কাজনক, কারণ স্কোর ১০ হলেই তা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় বলে জানায় ক্যানসার সোসাইটি।

বাইডেনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও, বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে ট্রাম্প নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লেখেন, ‘মেলানিয়া এবং আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আমরা জিল এবং গোটা বাইডেন পরিবারের পাশে রয়েছি। আশা করি জো দ্রুত সুস্থ হয়ে উঠবে, পুরোপুরি সেরে উঠবে।’ বাইডেনের ডেপুটি কমলা হ্যারিস এক্স-এ লেখেন, ‘জো একজন যোদ্ধা।’ একইসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বাইডেনের ত্বকে ক্যানসারের উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসকরা সে সময় বাইডেনের বুকের ক্যানসার আক্রান্ত টিস্যু অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলেন। বায়োপসির রিপোর্টে জানানো হয়, ক্ষতস্থানে সেরে ওঠার লক্ষণ দেখা গিয়েছে এবং তখন আর চিকিৎসার প্রয়োজন হয়নি। উল্লেখযোগ্য, বাইডেনের ছেলে ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এবার বাইডেন নিজেই মারাত্মক ক্যানসারের মুখোমুখি।

আরও পড়ুন ::

Back to top button