রাজনীতি

রুপালি পর্দায় উঠে আসছে জ্যোতি বসুর জীবনী, মুখ্য চরিত্রে কে থাকছেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jyoti Basu Biopic : রুপালি পর্দায় উঠে আসছে জ্যোতি বসুর জীবনী, মুখ্য চরিত্রে কে থাকছেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে - West Bengal News 24

ভারতীয় রাজনীতির এক বিশিষ্ট অধ্যায়ের নাম জ্যোতি বসু (Jyoti Basu)। দীর্ঘ তেইশ বছর বাংলার মুখ্যমন্ত্রী পদ সামলানো এই নেতাকে ঘিরে রয়েছে একদিকে আশার গল্প, অন্যদিকে চিরন্তন এক আক্ষেপ—’ঐতিহাসিক ভুলে’ তাঁর প্রধানমন্ত্রী না হওয়া। সেই জ্যোতিবাবুকে এবার দেখা যাবে সিনেমার পর্দায়। সিপিএম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তাঁকে ঘিরেই তৈরি হতে চলেছে একটি বায়োপিক।

দীর্ঘদিন ধরেই এই প্রকল্প নিয়ে পরিকল্পনা চলছিল, এবার তা রূপ নিতে চলেছে বাস্তবে। জানা গিয়েছে, সম্পূর্ণভাবে ‘সিপিএমের ফান্ড’ থেকেই তৈরি হবে এই ছবি। ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে অভিনেতা নাসিরুদ্দিন শাহের সঙ্গে। যদিও তিনি চূড়ান্ত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি।

২০২৫ সালের গোড়ার দিকে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ‘জ্যোতি বসু রিসার্চ সেন্টার’-এর ব্যানারে এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের অজানা অধ্যায় ও ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরাই হবে বায়োপিকটির মূল উদ্দেশ্য। কলকাতা ও মুম্বইয়ের বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছে সিপিএম নেতৃত্ব। এই প্রসঙ্গে বর্ষীয়ান নেতা রবিন দেব জানান, “জ্যোতিবাবু এমন অনেক কাজ করে গিয়েছেন যা অনেকরই অজানা। এবার সেগুলিই তুলে ধরা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বায়োপিকে।” এই সিনেমা শুধু বাংলায় নয়, প্রয়োজন অনুযায়ী অন্য ভাষাতেও মুক্তি পেতে পারে।

তবে এই প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-এর নির্বাচনের আগে প্রয়াত নেতার ভাবমূর্তিকে সামনে এনে দলের হারানো জমি ফেরানোর চেষ্টা করছে কি সিপিএম? এমন প্রশ্নও উঠছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন, “ওদের কোনও মুখ নেই, কোনও নেতৃত্ব নেই। নতুনরা তো নিজের পাড়াতেও জিততে পারেন না। ফলে এখন জ্যোতিবাবুতে ভরসা করতে হচ্ছে। তাহলে ওই বিষয়গুলিও যেন ভালোভাবে দেখানো হয়… কীভাবে একটা লবি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। কীভাবে জ্যোতিবাবুর মন্ত্রিসভাকে চোরেদের মন্ত্রিসভা বলে বুদ্ধবাবু ইস্তফা দিয়েছিলেন। সেগুলো না দেখালো কিন্তু বায়োপিক সম্পূর্ণ হয় না।”

উল্লেখ্য, রাজনীতিকদের জীবনকাহিনি নিয়ে সিনেমা তৈরি এখন কোনও নতুন ঘটনা নয়। ইন্দিরা গান্ধীর উপর ‘ইমারজেন্সি’, জয়ললিতাকে নিয়ে ‘থালাইভি’, বাল ঠাকরের উপর ‘ঠাকরে’ এবং মনমোহন সিংকে নিয়ে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ইতিমধ্যেই তৈরি হয়েছে। এবার সেই ধারায় নতুন সংযোজন হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক।

আরও পড়ুন ::

Back to top button